শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা

আগামী ৮ ফেব্রুয়ারি কলম্বোতে ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের অন্য তিন দল- অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দল
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দল |সংগৃহীত

স্পিন অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসকে ফিরিয়ে এনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না কামিন্দু।

ইংল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভা। মূলত ধনাঞ্জয়ার জায়গায় দলে সুযোগ হয়েছে কামিন্দুর। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি ধনাঞ্জায়া।

গত বছরের নভেম্বরে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেন কামিন্দু। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের ও ইংল্যান্ড সিরিজের দলে সুযোগ হয়নি তার।

২০১৮ সালে অভিষেকের পর ৩৫ টি-টোয়েন্টিতে ৫২৭ রান ও ৩ উইকেট শিকার করেছেন কামিন্দু।

ইংল্যান্ড সিরিজ দিয়ে দলে ফেরা টপ অর্ডার ব্যাটার পাভান রত্নায়েকে বিশ্বকাপ দলে জায়গা ধরে রেখেছেন। তবে দলে জায়গা হয়নি প্রামোদ মাধুশানের।

আগামী ৮ ফেব্রুয়ারি কলম্বোতে ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের অন্য তিন দল- অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মাহেশ থিকশানা, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা ও ইশান মালিঙ্গা।