পিএসএলের ফাইনাল আজ, নাহিদ রানা কি খেলবেন?

আজ মাঠে থাকবেন বাংলাদেশের পেসার নাহিদ রানাও। পেশোয়ার জালমির হয়ে ফাইনাল খেলতে তিনি বর্তমানে লাহোরে অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলে তাকে জালমির মূল একাদশেও দেখা যাবে।

নয়া দিগন্ত অনলাইন
পিএসএলের ফাইনাল আজ, নাহিদ রানা কি খেলবেন?
পিএসএলের ফাইনাল আজ, নাহিদ রানা কি খেলবেন? |সংগৃহীত

আজ রাতে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের ফাইনাল ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাবর আজমের পেশোয়ার জালমি এবং আসরের নবাগত দল হায়দরাবাদ কিংসমেন।

একদিকে অভিজ্ঞ জালমির হারানো মুকুট পুনরুদ্ধারের মিশন, অন্যদিকে প্রথমবার খেলতে নেমেই কিংসমেনের ইতিহাস গড়ার হাতছানি।

পেশোয়ার জালমির জন্য এই ফাইনাল দীর্ঘ প্রতীক্ষার অবসান। সাবেক এই চ্যাম্পিয়নরা দীর্ঘ চার বছর পর পিএসএলের ফাইনালে জায়গা করে নিয়েছে। কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে।

অধিনায়ক বাবর আজম বর্তমানে বিধ্বংসী ফর্মে রয়েছেন। চার বছরের শিরোপা খরা কাটাতে আজ আবারো একটি দায়িত্বশীল ও দর্শনীয় ইনিংস খেলতে মুখিয়ে আছেন এই তারকা ব্যাটার।

অন্যদিকে, হায়দরাবাদ কিংসমেন চলতি মৌসুমের সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছে। লিগ পর্বের চতুর্থ স্থানে থেকে নকআউট পর্বে আসা এই দলটি রূপকথার মতো পারফরম্যান্স উপহার দিয়েছে।

এলিমিনেটর পর্বে তারা শক্তিশালী মুলতান সুলতানসকে বিদায় করে এবং দ্বিতীয় এলিমিনেটরে তিনবারের চ্যাম্পিয়নদের হারিয়ে অভিষেক আসরেই ফাইনাল খেলার গৌরব অর্জন করে। আজকের ম্যাচে জয় পেলে পিএসএল ইতিহাসে প্রথম দল হিসেবে অভিষেক মৌসুমেই শিরোপা জয়ের কীর্তি গড়বে হায়দারাবাদ।

মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার মাঠের বাইরের একটি বড় পরিবর্তন আলোচনায় রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির ঘোষণা অনুযায়ী, পিএসএল ইতিহাসে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য আলাদা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে।

নতুন এই নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি পাবে ৫ লাখ মার্কিন ডলার (প্রায় ৫ কোটি ৮৫ লক্ষ টাকা) এবং রানার্স-আপ দল পাবে ৩ লাখ মার্কিন ডলার।

উল্লেখ্য, আজ মাঠে থাকবেন বাংলাদেশের পেসার নাহিদ রানাও। পেশোয়ার জালমির হয়ে ফাইনাল খেলতে তিনি বর্তমানে লাহোরে অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলে তাকে জালমির মূল একাদশেও দেখা যাবে।