ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান বলে জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সিদ্ধান্তে কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পাকিস্তানের প্রতি ধন্যবাদ জানান।

নয়া দিগন্ত অনলাইন
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল |ফাইল

নিজেদের কোনো স্বার্থে নয়, বাংলাদেশের পাশে দাঁড়াতেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। সম্প্রতি এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তার এমন বক্তব্যে আনন্দিত বাংলাদেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার তিনি ফেসবুকে লিখেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে তার দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।’

উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায়নি বাংলাদেশ, জানায় বিকল্প ভেন্যুর আবেদন। তবে মানেনি আইসিসি, বাংলাদেশও অবস্থান বদলায়নি। ফলে বিশ্বকাপ খেলা হচ্ছে না টাইগারদের।

বিশ্বকাপ ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পক্ষে ছিল পাকিস্তান। আইসিসির সভাতেও টাইগারদের হয়ে কথা বলে পিসিবি। তবে অবস্থান না বদলানোয় ভারতের বিপক্ষে নিজেদের ম্যাচটা বয়কট করে ম্যান ইন গ্রিনরা।

গত রোববার পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানায়, তারা বিশ্বকাপে অংশ নেবে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে না। ওই বিবৃতিতে সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো বার্তা না দিলেও বুধবার মন্ত্রিসভার সদস্যদের সাথে কথা বলতে গিয়ে শাহবাজ শরিফ ভারত ম্যাচ বয়কটের কারণ সামনে আনেন।

স্পষ্ট মরেই বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়।’

তিনি আরো বলেন, ‘আমরা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত। আমার মনে হয় এটি একেবারেই সঠিক সিদ্ধান্ত।’

এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশের সাথে আইসিসির আচরণকে ‘ডাবল স্ট্যান্ডার্ডস’ বলে আখ্যা দিয়েছিলেন। টাইগারদের বিশ্বকাপ থেকে বাদ দেয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ক্রিকেটে ডাবল স্ট্যান্ডার্ড চলতে পারে না। একটি দেশের জন্য এক নিয়ম আর অন্যদের জন্য ভিন্ন নিয়ম হতে পারে না। বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে। তারা বিশ্বকাপে খেলার অধিকার রাখে। ক্রিকেটে তারা বড় অংশীদার।’