আজ মাঠে গড়াচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকলেও জাতীয় দলের খেলোয়াড়দের ব্যস্ত রাখতে আজ মিরপুরে শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে সন্ধ্যায় ধূমকেতু মুখোমুখি হবে দুরন্তের।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্টের লোগো
বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্টের লোগো |সংগৃহীত

সময়ের হিসাবে মাত্র ৪৮ ঘণ্টা পরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবকিছু ঠিক থাকলে আসরে খেলত বাংলাদেশ। এখন কলকাতায় অবস্থান করতেন লিটন দাসরা। কিন্তু সবকিছু ঠিক থাকেনি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না চাওয়ায় টাইগারদের বাদ দিয়েই আসরটি আয়োজন করছে আইসিসি। তাদের বদলে খেলছে স্কটল্যান্ড।

এমতাবস্থায় অনেকটা অপ্রত্যাশিতভাবেই জন্ম অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্টের। জাতীয় দলের খেলোয়াড়দের খেলার মাঝে রাখতেই আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার।

আজ বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা। প্রথম ম্যাচে মুখোমুখি হবে লিটন দাসের টিম ধূমকেতু ও আকবর আলীর টিম দুরন্ত।

টুর্নামেন্টের আরেক দল টিম দুর্বার। যার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই তিন দলের টুর্নামেন্ট চলবে ৫ দিন। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি।

তিন দলে স্কোয়াডে খেলছেন দেশসেরা ৩৯ ক্রিকেটার। সব মিলিয়ে ক্রিকেটার ও কোচিং স্টাফসহ একটি স্কোয়াডের সদস্য সংখ্যা ২০ জন করে। টুর্নামেন্টের প্রাইজমানি ও ম্যাচ ফি হিসেবে রাখা হয়েছে আড়াই লক্ষাধিক টাকা।

অবশ্য টুর্নামেন্টের সব ম্যাচ মাঠে বসে বিনামূল্যে উপভোগ করতে পারবেন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব হাউজ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য থাকবে এই বিশেষ সুবিধা।

তবে বিনামূল্যে খেলা দেখার জন্য শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ স্কুল বা কলেজের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সাথে রাখতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।