উদ্বোধনী দিনে আবাহনীর হোঁচট, মোহামেডানের বড় জয়

সোমবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৩০ ওভারে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

উদ্বোধনী দিনেই অঘটন। প্রথম ম্যাচেই হোচট খেয়েছে চ্যাম্পিয়ন আবাহনী। নবাগত লিওপার্ডের কাছে হেরে গেছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। আকাশী নীলদের হার ৫ উইকেটে।

সোমবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৩০ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে আবাহনী নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮১ রান।

জবাব দিতে নেমে ২৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা লেপার্ডস।

অসাধারণ ব্যাটিং করেন ওপেনার জাকির হাসান। ৬৬ বলে তিনি খেলেন ৭৪ রানের ইনিংস।

এছাড়া অধিনায়ক মোহাম্মদ মিথুন ৪০ বলে খেলেন ৩৭ রানের ইনিংস। সৈকত আলি ২৮ ও জাওয়াদ আবরার করেন ২৩ রান। আবাহনীর হয়ে জিসান আলম নেন ২ উইকেট।

আবাহনীর সাব্বির রহমান ছাড়া আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। ২৯ বলে ৫৫ রান করেন তিনি। মাহিদুল ইসলাম অঙ্কন ও মেহরাব হাসান করেন ৩৮ রান।

অধিনায়ক মোসাদ্দেক ৩৩ বল খেলে করেন মাত্র ১৭ রান। জাকের আলি করেন ৪ রান। সৌম্য সরকার রানের খাতাই খুলতে পারেননি, জিসান করেন ৬ রান। মইন খান নেন ৩ উইকেট।

অন্যদিকে প্রথম ম্যাচে হার প্রায় রীতিতে পরিণত করেছিল ঢাকা মোহামেডান।

বিকেএসপির তিন নম্বর মাঠে সিটি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বৃষ্টিতে ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ১৯৫ রান করেছে সিটি ক্লাব। জবাবে ৩৫.২ ওভারে ম্যাচ জিতে নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

মোহামেডানের পক্ষে ৮৮ বলে ৮০ রানের ইনিংস খেলেন বিজয়। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া তাওহিদ হৃদয় ৩৫ বলে ৩৪ ও ইয়াসির আলি রাব্বি ২৩ বলে ৩৬ রান করেন।

তবে হতাশ করেন মোহাম্মদ নাঈম শেখ (৫), পারভেজ হোসেন ইমন (৪ বলে ০), আফিফ হোসেন (৫২ বলে ২৭)।

এর আগে সিটি ক্লাবকে দুইশর কাছে নিয়ে যান সাদিকুর রহমান (৬৩ বলে ৫৬), এনামুল হক (৪৪ বলে ৩৫), আহরার আমিন (৪১ বলে ৩১), সাজ্জাদুল হক (৩১ বলে ২৯)। তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

মোহামেডানের পক্ষে ৮ ওভারে মাত্র ২০ রানে ৪ উইকেট নেন নাঈম আহমেদ। এর মধ্যে এক ওভারেই ৩ উইকেট নেন তিনি। এছাড়া রিপন মন্ডল ও রিশাদ হোসেনের শিকার ২টি করে উইকেট।