মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী শুক্রবার শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। এই ম্যাচটা মাত্র ৫০ টাকায় মাঠে বসে দেখতে পারবেন দর্শকেরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। এরই মাঝে তাদের টিকিটিং ওয়েবসাইটে শুরু হয়েছে প্রথম ম্যাচের টিকিট বিক্রি।
মূল্য তালিকায় দেখা যায়, ছাউনিবিহীন পূর্ব গ্যালারিতে বসে খেলা দেখার জন্য গুনতে হবে শুধু ৫০ টাকা। এছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের (সাউদার্ন গ্যালারি) টিকিটের মূল্য ৭৫ টাকা।
দুই ক্লাব হাউজ শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারিতে বসে খেলা দেখতে দিতে হবে ৩০০ টাকা।
আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা। তবে স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষার্থীরা বিনামূল্যে দেখতে পারবেন এই ম্যাচ। তবে তার জন্য প্রতিষ্ঠানের ড্রেস ও আইডি কার্ড আবশ্যক।



