বড় পুঁজির পথে হাঁটছে বাংলাদেশ, চাপে পাকিস্তান

সিলেট টেস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বড় পুঁজির দিকে এগোচ্ছে। তৃতীয় দিনে শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হলেও মুশফিকুর রহিম ও লিটন দাসের ৮৮ রানের অপরাজিত জুটিতে দল ২৪৯ রানে এগিয়ে শক্ত অবস্থানে রয়েছে, ফলে চাপ এখন পাকিস্তান ওপর।

নয়া দিগন্ত অনলাইন
লিটন দাস
লিটন দাস |সংগৃহীত

যে নাজমুল হোসেন শান্তকে নিয়ে প্রত্যাশা ছিল ঢের, সে শান্ত ফিরেছেন দিনের শুরুতেই। তবে তার খুব একটা প্রভাব পড়েনি বাংলাদেশের ইনিংসে। দৃঢ় মুশফিকের সাথে দারুন ব্যাট করছেন লিটন দাস।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেট হাতে নিয়ে ২৪৯ রানে এগিয়ে থেকে সোমবার তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে গেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া ৪৬ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪ উইকেটে ২০৩ রান করেছে টাইগাররা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ করেছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিনের পঞ্চম ওভারে শেহজাদের শিকার হয়ে সাজঘরে ফিরেন শান্ত। ৪৬ বলে ১৫ করেন তিনি।

দলীয় ১১৫ রানে চতুর্থ ব্যাটার হিসেবে শান্ত ফেরার পর জুটি বাঁধেন মুশফিকুর রহিম ও লিটন দাস। পাকিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা।

এতে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে গড়ে দিনের প্রথম সেশন শেষ করেন মুশফিক ও লিটন। মুশফিক ৩৯ ও লিটন ৪৮ রানে অপরাজিত আছেন।