ফাইনালে ভারত জুজু যেন কাটছেই না! টানা দ্বিতীয়বার ফাইনালে ভারতের কাছে পরাস্ত ইমার্জিং টাইগ্রেসরা। আবারো আক্ষেপ নিয়েই ফিরতে হচ্ছে তাদের।
রোববার (২২ ফেব্রুয়ারি) ব্যাংককে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে ৪৬ রানে হেরে গেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় শিরোপা হাতছাড়া করেছে ফাহিমারা।
আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রান করে ভারত ‘এ’ দল। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ১৯.১ ওভারে ৮৮ রানে অলআউট হয় টাইগ্রেস বাহিনী।
বাংলাদেশের ১১ ব্যাটারের ৭ জনই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। সর্বোচ্চ ২০ রান করেন শামিমা সুলতানা। এছাড়া ১৮ রান এসেছে শারমিন সুলতানার ব্যাটে ও ফাহিমা খাতুন করেন ১৪ রান।
১২ রানে ৩ উইকেট নেন ভারত দলের লেগ স্পিনার প্রেমা রাওয়াত। দুটি করে সোনিয়া মেনধিয়া ও তেনুজা কানওয়ার।
এর আগে অবশ্য বাংলাদেশী বোলারদের তোপে পড়ে ভারতও। ৪৪ রানেই হারায় ৪টি উইকেট। এরপরই তেজাল হাসাবনিস ও রাধা যাদবের ব্যাটে ৭৯ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ায় তারা।
৩০ বলে ৩৬ রান করে রাধা যাদব আউট হয়ে গেলেও তেজাল হাসাবনিস ৩৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। এছাড়া ১৯ রান করেন দিনেশ ব্রিন্দা।
শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে ভারতীয় নারী ক্রিকেট দল। বাংলাদেশের হয়ে ফাহিমা ২৫ রানে নেন ৪ উইকেট।
উল্লেখ্য, এ নিয়ে টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ভারত ‘এ’ দল। ২০২৩ সালে হংকংয়ে প্রথম আসরেও বাংলাদেশ দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল তারা।



