নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজিই পেয়েছিল আরব আমিরাত। ধারণা করা হচ্ছিলো ভালো লড়াইয়ের। তবে তার কিছুই হয়নি, হেসেখেলেই জিতেছে কিউইরা।
মঙ্গলবার আরব আমিরাতের বিপক্ষে ১০ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। ১৭৪ রানের লক্ষ্য ২৮ বল আর ১০ উইকেট হাতে রেখেই জিতেছে কিউইরা।
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল কিউইরা। আজ দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে এখন নিউজিল্যান্ড। ২ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা।
দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন মিলেই আজ ম্যাচ শেষ করে দেন। যদিও তারা কেউই সেঞ্চুরি পাননি। সেফার্ট ৪২ বলে ৮৯ ওঅ্যালেন ৫০ বলে ৫টি করে চার-ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন।
এর আগে চেন্নাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে জোড়া ফিফটিতে ৬ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় আরব আমিরাত। দ্বিতীয় উইকেট জুটিতেই মূলত বড় সংগ্রহের ভিত পায় তারা।
মোহাম্মদ ওয়াসিম ও আলিশান শরাফু মিলে ৭৭ বলে ১০৭ রান যোগ করেন। ৪৭ বলে ৫ চার আর ২ ছক্কায় ৫৫ রান করে আউট হন শরাফু। আর ৩৭ বলে ফিফটি তুলে নেন ওয়াসিম।
শেষ পর্যন্ত ৪৫ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন ওয়াসিম। ১৩ বলে ২১ রানের ক্যামিও খেলেন মায়াঙ্ক কুমার। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি নেন ২ উইকেট।



