প্রায় এক বছর পর চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানির ভাগ পেলেন ক্রিকেটাররা

প্রায় এক বছর পর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয়া বাংলাদেশ দলের ক্রিকেটার ও ম্যানেজমেন্ট সদস্যদের মধ্যে ১ লাখ ৬ হাজার মার্কিন ডলার (প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা) প্রাইজমানি বণ্টন করেছে বিসিবি। ক্রিকেটারদের সাথে আলোচনার পর তাদের প্রাপ্য অর্থ সরাসরি ভাগ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো |সংগৃহীত

প্রায় এক বছর পর চ্যাম্পিয়নস ট্রফিতে প্রাপ্ত অর্থের ভাগ পেলেন ক্রিকেটাররা। প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ভাগ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয়া ক্রিকেটার ও ম্যানেজমেন্টের মাঝে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের জন্য ক্রিকেটারদের প্রাপ্য ১ লাখ ৬ হাজার মার্কিন ডলার তাদের কাছে হস্তান্তর করেছে।

জাতীয় দলের একজন অধিনায়কের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ইংরেজি একটি দৈনিক। অন্যদিকে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমটিকে জানান, ‘আমরা দেখেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাওয়া ১ লাখ ৬ হাজার ডলার আগের বোর্ড কল্যাণমূলক উদ্দেশ্যে রেখে দিয়েছিল। তাদের ভুল ছিল ক্রিকেটারদের না জানিয়ে তাদের অর্থ কল্যাণ তহবিলে রেখে দেয়া।’

সংবাদ মাধ্যমটিকে তিনি আরো বলেন, ‘আমরা ক্রিকেটারদের সাথে আলোচনা করেছি যে এই অর্থ নিয়ে কী করা উচিত। কারণ এ অর্থের ওপর সবচেয়ে বেশি অধিকার তাদেরই।’

‘তারা চেয়েছে অর্থটি স্কোয়াডের সদস্যদের মাঝে বণ্টন করে দেয়া হোক।’ তিনি যোগ করেন।

সেই অনুযায়ী ১ লাখ ৬ হাজার ডলার বা ১ কোটি ৩০ লাখ টাকা ভাগ করে দেয়া হয়েছে।

সোমবার জাতীয় দলের একজন সেই অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির অর্থ পেয়েছি। আমাদের মনে হয়েছে, এই অর্থের দাবিদার অন্য সবার চেয়ে আমরাই বেশি। আগে এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি, যা সত্যিই বিস্ময়কর ও হতবাক করার মতো ছিল।’

উল্লেখ্য, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ম্যাচ জিততে না পারলেও বাংলাদেশ অংশগ্রহণ ও গ্রুপ পর্বে তৃতীয় হওয়ার সুবাদে মোট ৪ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার পেয়েছিল।

এর মাঝে অংশগ্রহণের জন্য ১ লাখ ২৫ হাজার ডলার ও টুর্নামেন্টের সেরা ছয় দলের মাঝে স্থান নিশ্চিত করার জন্য ৩ লাখ ৫০ হাজার ডলার পেয়েছিল টাইগাররা।