জিম্বাবুয়ের বিপক্ষে একাই গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। গুনে গুনে ৬ উইকেট নিয়ে গড়েছেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা বোলিং স্পেলের রেকর্ড। এমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি নাহিদ রানাকে।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত আইসিসির হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের এই পেসার। ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১২তম স্থানে উঠে এসেছেন তিনি।
তবে তার এই উত্থানের দিনে পিছিয়েছেন দলের অন্য কয়েকজন বোলার। দেশের সর্বোচ্চ র্যাঙ্কিংধারী বোলার মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়ে এখন নবম স্থানে। শরিফুল ইসলাম তিন ধাপ পিছিয়ে আছেন ২১তম স্থানে।
এছাড়া মোস্তাফিজুর রহমান চার ধাপ পিছিয়ে ২৭তম ও রিশাদ হোসেন আট ধাপ পিছিয়ে ৭৩তম স্থানে নেমে গেছেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি উইকেট নেওয়া তাসকিন আহমেদ নিজের ২৯তম অবস্থান ধরে রেখেছেন।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের জন্য চিত্রটা হতাশার। জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানের হার ব্যাটারদের ব্যর্থতাকেই সামনে এনে দিয়েছে। সেই ব্যর্থতার প্রভাব পড়েছে আইসিসির র্যাঙ্কিংয়েও।
গত এক সপ্তাহে বাংলাদেশের কোনো ব্যাটারই উন্নতি করতে পারেননি, বরং কয়েকজনের অবস্থান আরো নিচে নেমেছে। তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে ৩৮তম এবং লিটন দাস এক ধাপ পিছিয়ে ৬১তম স্থানে আছেন।
এছাড়া সৌম্য সরকার পাঁচ ধাপ পিছিয়ে ৭০তম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চার ধাপ পিছিয়ে ৭২তম স্থানে রয়েছেন। তবে তাওহীদ হৃদয় (২০তম) ও নাজমুল হোসেন শান্ত (৩০তম) নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও বাংলাদেশের বড় কোনো পরিবর্তন নেই। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে-বলে অবদান রাখার সুবাদে নাহিদ রানা এই তালিকাতেও ৩১ ধাপ এগিয়ে ৬৬তম স্থানে উঠে এসেছেন।



