বিশ্বকাপ না খেলা ছিল ভুল সিদ্ধান্ত : সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্তে টানাপোড়েন তৈরি হয় বিসিবি ও বিসিসিআইয়ের সম্পর্কে। যার জেরে স্থগিত হয় ভারত দলের বাংলাদেশ সফর।

নয়া দিগন্ত অনলাইন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান |ফাইল ছবি

গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা উদ্বেগে ভারতে যায়নি বাংলাদেশ দল। দারুণ প্রস্তুতি থাকলেও দর্শক হয়েই গোটা আসর কাটাতে হয় টাইগারদের।

যা ছিল ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ দলের কোনো বিশ্বকাপে অংশ না নেয়ার ঘটনা। যা নিয়ে অবশ্য পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্কের শেষ ছিলো না। হয়েছে নানান কথাও।

অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন সাকিব আল হাসানও। বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে অন্তর্বর্তী সরকারের একটি ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে সাকিব বলেন, ‘এটা বড় ক্ষতি ছিল। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা একটা বড় মিস।’

‘আমরা ক্রিকেটপ্রেমী জাতি। বিশ্বকাপে আমাদের খেলোয়াড়দের খেলতে দেখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে অংশ না নেয়ার সিদ্ধান্তটা ভুল ছিল।’- যোগ করেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্তে টানাপোড়েন তৈরি হয় বিসিবি ও বিসিসিআইয়ের সম্পর্কে। যার জেরে স্থগিত হয় ভারত দলের বাংলাদেশ সফর।

তবে সাকিব আশা করছেন, দ্রুতই এই সম্পর্কে উন্নতি হবে। বিশেষ করে যদি ভারত ও বাংলাদেশ সাদা বলের সিরিজ খেলতে পারে। তিনি বলেন-

‘আমি মনে করি পরিস্থিতি ভালো হবে। যদি দুয়েকটি সিরিজ হয়। বাংলাদেশ ভারত সফর করে বা ভারত বাংলাদেশে আসে, তাহলে সম্পর্কের বরফ গলবে।’