নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বড়সড় চমক উপহার দিলো আইসিসি। এক ধাক্কায় বাড়ানো হলো ১০ শতাংশের বেশি প্রাইজমানি। পুরস্কারের অঙ্কটা শতকোটি টাকার উপরে।
ইংল্যান্ড ও ওয়েলসে আগামী ১২ জুন শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার মাস দুয়েক আগেই বৈশ্বিক এই আসরের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।
এবারের আসরে মোট পুরস্কার ধরা হয়েছে ৮৭ লাখ ৬৪ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা। আগের আসরে যা ছিল ৭৯ লাখ ৫৮ হাজার ডলার।
প্রথমবার ১২টি দল নিয়ে হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। নতুন কাঠামো অনুযায়ী এবারের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ২৩ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ৩০ কোটি টাকা।
রানার্সআপ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১১ লাখ ৭০ হাজার ডলার বা ১৫ কোটি টাকা। সেমিফাইনালে বিদায় নেয়া দুটি দল পাবে প্রায় ৬ লাখ ৭৫ হাজার ডলার (৯ কোটি টাকা) করে।
গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্যও থাকছে নির্দিষ্ট আর্থিক প্রণোদনা। প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৩১ হাজার ১৫৪ ডলার বা প্রায় ৪০ লাখ টাকা করে।
এ ছাড়া অংশগ্রহণকারী ১২টি দলকেই ন্যূনতম ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার করে দেবে আইসিসি। অর্থাৎ বিশ্বকাপে পা রাখলেই সাড়ে ৩ কোটি টাকা নিশ্চিত যেকোনো দলের জন্য।
এদিকে এই টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ট্রফি ভ্রমণ। ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে যাত্রা শুরু করে ট্রফিটি ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে ইংল্যান্ডের আয়োজক শহরগুলোতে প্রদর্শিত হবে।



