বিপিএলে সময়টা দারুণ কাটছিল অ্যাডাম রসিংটনের। তবে সেই ভালো সময়টা দীর্ঘস্থায়ী হলো না। মাঝপথেই বিপিএল শেষ এই ইংলিশ ব্যাটারের। চোটে পড়ে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি।
এবারের বিপিএলে বেশ ছন্দে আছে চট্টগ্রাম রয়্যালস। আছে পয়েন্ট টেবিলে শীর্ষে। ফ্রাঞ্চাইজিটির সাফল্যে দুর্দান্ত পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন অ্যাডাম রসিংটন। প্রতি ম্যাচেই পাচ্ছিলেন রানের দেখা।
টানা তিন ফিফটিতে বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন রসিংটন। প্রথমবার বিপিএল খেলতে এসে ৬৫.৫০ গড় ও ১৩৯.৪৫ স্ট্রাইক রেটে ২৫৮ রান করেছেন তিনি। এছাড়া উইকেটের পেছনেও ছিলেন সাবলীল।
তবে চোটের কারণে আর আসরের বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না তার। গতকাল শুক্রবার সিলেটে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান রসিংটন। যা তাকে ছিটকে দিয়েছে আসর থেকে।
এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান। নাফিস জানান, ‘রসিংটনের যে আঙুলে চোট লেগেছে সেখানে আগেও চোট ছিল তার। গতকাল ইনজুরির পর আঙুলের স্ক্যান করানো হয়।’
‘তাকে দুই সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা। আর সে কারণেই এবার দেশে ফিরে যাচ্ছেন তিনি। নাফিস জানিয়েছেন, রসিংটনের জায়গায় বিকল্প ব্যাটারের সন্ধান শুরু করে দিয়েছে চট্টগ্রাম।’
এবারের বিপিএল শুরুর আগে মালিকানা নিয়ে জটিলতা দেখা গেলেও টুর্নামেন্ট শুরুর পর সবাইকে চমকে দেয় চট্টগ্রাম রয়্যালস। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৫ জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে ফ্রাঞ্চাজিটি।



