মোস্তাফিজুর রহমানকে সম্মান দেখাতে পারেনি আইপিএল, নিলাম থেকে ডেকে নিয়েও ছেড়ে দেয় তাকে। তবে বাঁ-হাতি এই পেসারকে আপন করে নিয়েছে পাকিস্তান।
নিলামের আগেই মোস্তাফিজ দল পেয়েছেন পিএসএলে। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি।
মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে লাহোর কালান্দার্সের ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশী মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।
এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমেও লাহোরের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। ৮ বছর পর ফের একই দলের জার্সিতে ফিরতে যাচ্ছেন তিনি। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত লাহোর কর্তৃপক্ষ।
বিবৃতিতে লাহোর লিখেছে, ‘আমাদের বাংলাদেশী ভাই মোস্তাফিজুর রহমান। যাকে ২০১৬ ও ২০১৮ সালেও দলে নেয়া হয়েছিল। এখন সে আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ। তিনি পরিবারের মাঝে আবারো ফিরে এসেছেন।’
এদিকে লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা বলেন, ‘মোস্তাফিজ কেবল একজন খেলোয়াড় নয়; তিনি আমাদের পরিবারের ভাই, এমন একজন গুরুত্বপূর্ণ অংশ যিনি কখনো আমাদের ছেড়ে যাননি।’
‘আমরা তাকে আবার আমাদের ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার প্রতিভা, অভিজ্ঞতা ও নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে, যখন আমরা আমাদের শিরোপা রক্ষা করতে এবং শক্তিশালী ছাপ রাখতে চাই।’
উল্লেখ্য, দু’বার দল পেলেও মোস্তাফিজ কেবল ২০১৮ সালেই খেলেছিলেন পিএসএলে। লাহোরের জার্সিতে সেবার ৫ ম্যাচে ৪ উইকেট নেন তিনি।



