পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ালো ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানের আলি ৪৯ রানে ২টি, অভিষিক্ত উবাইদ শাহ-উসমান ও সাজিদ খান ১টি করে উইকেট নেন।

নয়া দিগন্ত অনলাইন

১২০ রানে ৪ উইকেট পতনের পর অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের হাফ-সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি বিঘ্নিত দিনে ৭৪ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২৩৯ রান করেছে ক্যারিবীয়রা।

৮টি চারে ৬৪ রানে অপরাজিত আছেন প্রথম টেস্টের জয়ের নায়ক গ্রেভস। প্রথম টেস্টের দুই ইনিংসে বল হাতে ৭ উইকেট ও ব্যাটিংয়ে ৩৫ রান করে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন গ্রেভস।

পোর্ট অব স্পেনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ব্র্যান্ডন কিংয়ের মারমুখী ব্যাটিংয়ে ৫৯ বলে ৪৯ রানের সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। এ সময় ৭ চারে ২৭ বলে ৩৩ রান করেন কিং।

আরেক ওপেনার তেজনারায়ন চন্দরপল ১৫ রানে থামলেও হাফ-সেঞ্চুরির পথে ছিলেন কিং। কিন্তু ৯ বাউন্ডারিতে ৫০ বলে ৪৬ রান তুলে পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার আলি উসমানের শিকার হন তিনি।

৬৫ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর উইকেটে সেট হয়ে বড় ইনিংস খেলার ইঙ্গিত দেন কাভেম হজ ও আমির জাঙ্গু। তবে হজ ৪৪ বলে ১০ এবং জাঙ্গু ৩ চারে ৫৫ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন।

দলীয় ১২০ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এ অবস্থায় দলকে চাপমুক্ত করেন শাই হোপ ও গ্রেভস। পাকিস্তানের বোলারদের কোনো সুযোগ না দিয়ে পঞ্চম উইকেটে ৯৩ বলে ৫৩ রানের জুটি গড়েন তারা।

৩ চার ও ১ ছক্কায় ৬৮ বলে ২৯ রান করা হোপকে বোল্ড করে পাকিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন পাকিস্তান পেসার মোহাম্মদ আলি।

৫১তম ওভারে দলীয় ১৭৩ রানে পঞ্চম ব্যাটার হিসেবে হোপ ফেরার পর ক্রিজে গ্রেভসের সঙ্গী হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। পাকিস্তান বোলারদের সাবধানে সামলে নিয়ে দিনের বাকি সময় আর কোনো বিপদ হতে দেননি তারা। ষষ্ঠ উইকেটে ১৪০ বলে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন গ্রেভস ও চেজ।

১৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৬৪ রানে অপরাজিত থাকেন গ্রেভস। তার ১২৫ বলের ইনিংসে ৮টি বাউন্ডারি ছিল। ৫টি চারে ৭০ বলে ৩৬ রানের অনবদ্য ইনিংস খেলেন চেজ।

পাকিস্তানের আলি ৪৯ রানে ২টি, অভিষিক্ত উবাইদ শাহ-উসমান ও সাজিদ খান ১টি করে উইকেট নেন।

প্রথম টেস্ট ৯০ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।