মাঠে নামার আগে বড় ধাক্কা খেল পাকিস্তান, চোটে বাবর আজম

‘বাঁ হাঁটুর চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না বাবর আজম।’

নয়া দিগন্ত অনলাইন
বাবর আজম
বাবর আজম |সংগৃহীত

মিরপুরে রাত পোহালেই স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। খেলা মাঠে গড়াতে বাকি নেই আর বেশি সময়, তবে এর মাঝেই দুঃসংবাদ পেল ম্যান ইন গ্রীনরা।

খেলা মাঠে গড়ানোর আগমুহূর্তে বড় ধাক্কা খেল সফরকারী পাকিস্তান দল। এমন সময় চোটে ছিটকে গেছেন দলের অন্যতম তারকা ব্যাটার বাবর আজম।

বৃহস্পতিবার পিসিবি তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ড জানায়, বাঁ হাঁটুর চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না বাবর আজম।

তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে দলের মেডিক্যাল প্যানেল, বিস্তারিত পরে জানানো হবে বলেও জানায় পিসিবি। এমতাবস্থায় বড় ধাক্কা খেল পাকিস্তান দল।

সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে দারুণ ফর্মে ছিলেন বাবর আজম। ৫৮৮ রান করে টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড গড়েন তিনি। তার নেতৃত্বেই পেশোয়ার জালমি এবারের শিরোপা জেতে।

তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাবরকে নিয়ে বড় আশা ছিল পাকিস্তান শিবিরে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও অধিনায়ক শান মাসুদ বাবরের ফর্ম ও অভিজ্ঞতা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন।

তবে অনুশীলনের সময় হঠাৎ পাওয়া এই চোটে প্রথম টেস্টে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে পাকিস্তানকে। এদিকে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে একটু চাপেই পড়ে গেল ম্যান ইন গ্রীনরা।