অপরাজিত ইংল্যান্ড, সেমিফাইনালের আশা বেঁচে রইল পাকিস্তানের

কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার ৪ উইকেটে জিতেছে ইংল্যান্ড। তাদের দেয়া ১৬০ রানের লক্ষ্য ৩ বল বাকি থাকতেই পেরিয়ে গেছে থ্রি লায়ন্সরা। জয়ের নায়ক উইল জ্যাকস।

নয়া দিগন্ত অনলাইন
অপরাজিত ইংল্যান্ড
অপরাজিত ইংল্যান্ড |সংগৃহীত

শেষ চারের টিকিট আগেই কেটেছিল ইংল্যান্ড। তবুও ধার কমেনি খেলায়, নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে যাচ্ছে থ্রি লায়ন্সরা।

কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার ৪ উইকেটে জিতেছে ইংল্যান্ড। তাদের দেয়া ১৬০ রানের লক্ষ্য ৩ বল বাকি থাকতেই পেরিয়ে গেছে থ্রি লায়ন্সরা। জয়ের নায়ক উইল জ্যাকস।

এদিকে এই হারে সেমিফাইনাল সমীকরণ কঠিন হয়ে গেল নিউজিল্যান্ডের। বিপরীতে স্বপ্ন বেঁচে রইল পাকিস্তানের। তবে তার জন্য শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে বড় ব্যবধানে।

আর শ্রীলঙ্কা জিতে গেলে কোনো সমীকরণ ছাড়াই শেষ চারে পা রাখবে কিউইরা। অর্থাৎ শনিবার পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের ম্যাচটার ওপর নির্ভর করছে সবকিছু।

শুক্রবার আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের জুটিতে ৬.৫ ওভারে যোগ হয় ৬৪ রান। সেইফার্ট আউট হন ২৫ বলে ৩৫ রান করে।

আর ফিন অ্যালেনের ব্যাটে আসে ১৯ বলে ২৯ রান। এরপর গ্লেন ফিলিপসের ২৮ বলে ৩৯ ছাড়া আর কেউ বলার মতো রান পাননি। ইংলিশ স্পিনারদের ঘূর্ণিতে আটকে যায় কিউইদের ইনিংস।

সব মিলিয়ে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ইংল্যান্ডের হয়ে আদিল রাশিদ, উইল জ্যাকস ও রেহান আহমেদ নেন দুটো করে উইকেট।

জবাব দিতে নেমে প্রথম ওভারেই ফিল সল্টের (২) উইকেট হারায় ইংল্যান্ড। পরের ওভারে জস বাটলারও ফেরেন কোনো রান না করে। ২ রানে ২ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে ইংলিশরা।

সেখান থেকে দলের হাল ধরার চেষ্টা করেন হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। দু’জনে মিলে গড়েন ৩৫ বলে ৪৮ রানের জুটি। ব্রুক ২৪ বলে ২৬ রান করে আউট হলে ভাঙে জুটি। ১৬ বলে ২১ করে আউট হন ব্যাথেল।

৫৮ রানে ৪ উইকেট হারানোর টম ব্যান্টন ও স্যাম কারান মিলে দলকে নিয়ে যান ১০০ রানে। ২২ বলে ২৪ রান করে আউট হন কারান। ১১৭ রানের মাথায় ২৪ বলে ৩৩ করে আউট হন ব্যান্টন।

তখনো ১৯ বলে ৪৩ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। কঠিন হলেও কোনো অঘটন ঘটতে দেননি রেহান আহমেদ ও উইল জ্যাকস। দু’জনে ১৬ বলে ৪৪ রানের জুটি গড়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

উইল জ্যাকস ১৮ বলে ৩২ ও রেহান ৭ বলে ১৯ রান নিয়ে অপরাজিত থাকেন। কিউইদের হয়ে রাচিন রবীন্দ্র নেন ৩ উইকেট।

উল্লেখ্য, গ্রুপ-২ তে ৩ ম্যাচের সবগুলোই জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দুইয়ে আছে নিউজিল্যান্ড। আর ১ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে তিন নম্বরে।

যদিও পাকিস্তানের আরো একটি ম্যাচ বাকি আছে। শেষ চারে যেতে হলে পাকিস্তানের জয়ের কোনো বিকল্প নেই, সেইসাথে মেলাতে হবে রানরেটের হিসাব।

আর পাকিস্তান যদি হেরে যায়, সেক্ষেত্রে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে খেলবে নিউজিল্যান্ড।