মনে হচ্ছিলো বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রানই হয়তো করে ফেলবে ভারত। যদিও তা হয়নি; তবে ফাইনালের সর্বোচ্চ রানের পুঁজি পেয়ে গেছে তারা। ৫ উইকেটে হারিয়ে ভারত করেছে ২৫৫ রান।
সুপার এইট, সেমিফাইনাল পেরিয়ে ফাইনালেও অপ্রতিরোধ্য ভারত। তিন দিনের ব্যবধানে নিজেদের রেকর্ডই নিজেরাই ভেঙেছে ফের। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ২৫৩ রান করেছিল তারা। এবার ফাইনালে ম্যান ইন ব্লুরা তুললো আরো ২ রান বেশি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে নকআউট ম্যাচে যা সর্বোচ্চ সংগ্রহ। অন্যদিকে শিরোপা জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে নিউজিল্যান্ডকে।
সেমিফাইনালে অবশ্য রান তাড়া করে ২৪৬ রান পর্যন্ত করতে পেরেছিল ইংল্যান্ড। যা রান তাড়ায় এখন পর্যন্ত সেরা ইনিংস। তবে আজ আহমেদাবাদে নিউজিল্যান্ডকে করতে হবে আরো ১০ রান বেশি।
এদিন শুরু থেকেই বিধ্বংসী ছিল ভারত। টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই গড়ে রেকর্ড। কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে যোগ করে ৯২ রান। বিশ্বকাপের নকআউটে যা সর্বোচ্চ।
টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এর আগে কখনো পঞ্চাশ রানের ওপেনিং জুটি দেখা যায়নি। সেখানে আজ অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ৮ ওভারে গড়েন ৯৮ রানের জুটি।
অভিষেক ১৮ বলে তুলে নেন ফিফটি। বিশ্বকাপের নকআউট ম্যাচে যা দ্রুততম ফিফটির রেকর্ড। সেমিফাইনালে ফিন অ্যালেন ও জ্যাকব বেথেল ১৯ বলে ফিফটি করেছিলেন। তবে এরপর আর ইনিংস বড় হয়নি, ২১ বলে ৫২ রান করে আউট হন অভিষেক। এরপর ৩৩ বলে ফিফটি তুলে নেন স্যামসনও। সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনাল; টানা তিন ম্যাচেই অর্ধশতকের দেখা পেলেন তিনি।
তবে আজো তিন অঙ্কে যেতে পারেননি স্যামসন, আউট হন ৪৬ বলে ৮৯ রান করে। আর তাতেই ভাঙে ইশান কিষানের সাথে তার ৪৮ বলে ১০৫ রানের যুগলবন্দী। যা বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় সেরা জুটি।
এই জুটি ভাঙার আগে ১৫ ওভারেই ২০৩ রান তুলে ফেলে ভারত। তবে ১৬তম ওভারে এসে স্যামসন ও ইশানকে ফেরান জিমি নিশাম। ফেরান ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদবকেও। মাত্র ১ রান দিয়ে ৩ উইকেট নেন নিশাম। ইশান কিষান ২৫ বলে ৫৪ করে আউট হন। আর গোল্ডেন ডাক মারেন ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব। তাতেও অবশ্য রানের গতি কমেনি ভারতের।
হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ ও শিভাম দুবে ৮ বলে ২৬ রান নিয়ে অপরাজিত ছিলেন। যেখানে শেষ ওভারেই নেন ২৪ রান। আর ভারত পেরোয় টানা তিন ম্যাচে আড়াই শ’ রানের গণ্ডি।
২৫৫ রান করার মধ্য দিয়ে রেকর্ড সপ্তম বারের মতো স্বীকৃত টি-টোয়েন্টিতে আড়াই শ’ পেরোলো ভারত। নিউজিল্যান্ডের হয়ে ৪৬ রানে ৩ উইকেট নেন জিমি নিশাম।



