বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে আবারো সোচ্চার হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়া তামিম ইকবাল। বর্তমান ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) অভিযোগ করেছেন তিনি।
রোববার (৮ মার্চ) ঢাকার বেশ কয়েকটি ক্লাব কর্মকর্তাদের সাথে নিয়ে ক্রীড়া পরিষদে উপস্থিত হন তামিম। এ সময় অভিযোগের একটি আনুষ্ঠানিক চিঠি ক্রীড়া পরিষদে জমা দেন তারা।
এবারের বিসিবি নির্বাচন নিয়ে পানিঘোলা কম হয়নি। ছড়ায় বিতর্ক, দেখা দেয় ব্যাপক অসঙ্গতি। অবস্থা এমন দাঁড়ায় যে, শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করে নেন তামিম ইকবালসহ অনেকেই।
নোংরামির অভিযোগ তুলে সে সময় নির্বাচন বয়কট করা তামিম ইকবাল ও তার সঙ্গীরা এরপর বারবার অবৈধ বলেছেন বিসিবি’র বর্তমান কমিটিকে। এবার একই অভিযোগ নিয়ে ক্রীড়া পরিষদের দ্বারে তারা।
অবশ্য গত ফেব্রুয়ারিতে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বোর্ডের বিরুদ্ধে অভিযোগের প্রস্তুতি নিচ্ছিল বিদ্রোহী ক্লাবগুলো। সেই সম্পর্কে এবার তারা ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিকভাবে চিঠিটি জমা দিলো।
চিঠিতে বিসিবি নির্বাচনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এ সময় তামিমের সাথে ছিলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামানের মতো বিজ্ঞ সংগঠকেরা।
তামিমদের এই অভিযোগের পর বিসিবির বর্তমান কমিটির ভাগ্যে কী আছে সেটাই এখন দেখার বিষয়। তবে ভালো কিছু হবে বলেই আত্মবিশ্বাসী তামিম ইকবাল।
তামিম জানান, ৭৬টি ক্লাবের মাঝে ৫০টি ক্লাব তাদের সাথে এই বিষয়ে সম্মত হয়েছে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আজকে আমরা আনুষ্ঠানিক অভিযোগ করতে এসেছি বলতে পারেন।’
‘সবচেয়ে অবাক করার বিষয় হলো, ৭৬টা ক্লাবের মাঝে ৫০টি ক্লাবই অভিযোগ করেছে যে এই নির্বাচনটা সঠিকভাবে হয়নি। ৭৬টার মধ্যে যদি ৫০টা ক্লাবই একমত থাকে তাহলে এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়,’ বলেন তিনি।



