নতুন কোচ খুঁজে নিতে সময় নিলো না আফগানিস্তান। নতুন কোচ হিসেবে রিচার্ড পাইবাসকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়েই রশিদ খানদের দায়িত্ব নেবেন পাইবাস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় আফগানিস্তান। বিশ্বকাপ মিশন শেষেই দলটার দায়িত্ব ছাড়েন ইংলিশ কোচ জনাথন ট্রট। শেষ হয় আফগানিস্তানের সাথে তার ৪ বছরের অধ্যায়।
এরপর ট্রটের উত্তরসূরী হিসেবে পাইবাসকে বেছে নিয়েছে তারা। কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম রশিদ-নবিদের সাথে কাজ করবেন ইংল্যান্ডে জন্ম নেয়া এই সাউথ আফ্রিকান কোচ।
আগামী মার্চে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে আফগানিস্তান। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। সেই সিরিজ দিয়েই আফগানিস্তানের দায়িত্ব নিতে যাচ্ছেন পাইবাস।
ক্রিকেটের ‘হাইপ্রোফাইল’ কোচ হিসেবে বিবেচনা করা হয় তাকে। চোটের কারণে ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ না হলেও কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ পাইবাসের।
১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তান দলের পরামর্শক হিসেবে কাজ করেন পাইবাস। সেই আসরে পাকিস্তানকে ফাইনালে তুলতে বড় ভূমিকা ছিল তার। পরে ওয়েস্ট ইন্ডিজ দলের ডিরেক্টর হিসেবেও দীর্ঘ সময় কাজ করেন তিনি।
মাঝে ২০১২ সালে বাংলাদেশের প্রধান কোচ হিসেবেও স্বল্প সময় কাজ করেছিলেন পাইবাস, যদিও সেই অধ্যায় ছিল বিতর্কিত। মাত্র ৫ মাসের মাথায় দায়িত্ব ছাড়েন তিনি।
এরপর ২০১৬ সালে তার তত্ত্বাবধানে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। ২০১৯ সাল পর্যন্ত ক্যারিবীয় ক্রিকেটের সাথে ছিলেন তিনি।
এ ছাড়া বিশ্বজুড়ে নানা ফ্রাঞ্চাইজি লিগ ও বিভিন্ন ঘরোয়া ক্রিকেট লিগে কোচ হিসেবে দেখা যায় পাইবাসকে। এবার তিনি দায়িত্ব নিলেন আফগানিস্তান দলের।



