৩ দল নিয়ে মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট

বিশ্বকাপে না খেলায় ফাঁকা সময় কাজে লাগাতে বিসিবি তিন দল নিয়ে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে। ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টে জাতীয় দল, ‘এ’ দল ও এইচপির ক্রিকেটাররা অংশ নেবেন, থাকবে আকর্ষণীয় আয়োজন ও প্রাইজমানি।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) |সংগৃহীত

বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ দল। এবারের আসরে দর্শক হয়েই থাকতে হবে টাইগারদের। তবে ফাঁকা সময়টা কাজে লাগাতে নতুন টুর্নামেন্ট আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী মাসে গড়াতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না চাওয়ায় টাইগারদের বাদ দিয়েই আসরটি আয়োজন করছে আইসিসি। বাংলাদেশের বদলে খেলছে স্কটল্যান্ড।

যেহেতু বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না সেক্ষেত্রে এই ফাঁকা সময়ে কী করবেন ক্রিকেটাররা? এমন প্রশ্নের উত্তরে নতুন টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপ না থাকায় ওই সময়ে বিসিবি তিন দলের টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছে। যেখানে জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও থাকবেন এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটাররা।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে তিন দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ৫, ৬ ও ৭ ফ্রেব্রুয়ারি গড়াবে গ্রুপ পর্ব। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি।

এদিকে বিশ্বকাপে না খেলায় আর্থিকভাবে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই লোকসান কমাতে অংশগ্রহণ করা ক্রিকেটারদের জন্য থাকছে ভালো পেমেন্টের ব্যবস্থাও। থাকছে মোটা প্রাইজমানিও।

এছাড়া প্রথম দিনে দর্শকদের কথা চিন্তা করে থাকছে বেশ ভালো একটা উদ্বোধনী অনুষ্ঠান। ফাইনালে থাকবে আঁতশ বাজির সাথে ড্রোন শো।

ঘরোয়া এই টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে জাঁকজমকের কোনো কমতি রাখতে চাই না বিসিবি। তবে তিন দলের অধিনায়কত্বে কারা থাকছেন সেটি এখনো অজানা।