বাংলাদেশকে ক্ষতিপূরণ দিলে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে পারে, তবে বাংলাদেশের জন্য ক্ষতিপূরণসহ ছয়টি শর্ত পূরণ করতে হবে, যেখানে পাকিস্তান লভ্যাংশ বৃদ্ধি, সিরিজ পুনঃস্থাপন ও আচরণ-সংক্রান্ত শর্ত চেয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট থেকে সরে আসতে পারে পাকিস্তান। তবে এর জন্য জুড়ে দিয়েছে বেশ কয়েকটি কঠিন শর্ত। দাবি জানিয়েছে বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়ার।

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে নিজেদের ম্যাচ বয়কট করে পাকিস্তান। এই ঘটনায় নড়েচড়ে বসে আইসিসি, পড়ে যায় বড় আর্থিক ক্ষতির শঙ্কায়।

এমন পরিস্থিতিতে শনিবার পাকিস্তানে ছুটে যান আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বসেন পিসিবির সাথে বৈঠকে।

মধ্যস্থতা করাতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও ডেকে নেয়া হয়।

লাহোরে রোববার রাতে পাঁচ ঘণ্টারও বেশি সময়ের বৈঠক হয় তাদের। বৈঠক শেষে যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে শোনা যাচ্ছে ভারতের বিপক্ষে খেলতে নমনীয় হয়েছে পাকিস্তান।

তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ছয়টি শর্ত দিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। টেলিকম এশিয়া স্পোর্ট ও ভারতের গণমাধ্যম এনডিটিভি থেকে জানা গেছে এসব তথ্য।

জানা গেছে ছয় শর্তের তিনটি পাকিস্তানের পক্ষে, আর তিনটি দাবি জানানো হয়েছে বাংলাদেশের জন্য।

পাকিস্তান নিজেদের জন্য যে তিনটি শর্ত দিয়েছে, তার প্রথমটি হচ্ছে লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি। বর্তমানে পাকিস্তান আইসিসি হতে যে অর্থ পায়, তা আরো বেশি পরিমাণে চায় তারা।

দ্বিতীয় শর্ত ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ চালু করা। পাকিস্তান চায় দু’দেশের মাঝে আবারো সিরিজ খেলা হোক। আর তৃতীয় শর্তটি হলো আচরণ-সংক্রান্ত।

সৌজন্যমূলক হাত বা মেলানো বা কটাক্ষ জাতীয় কোনো আচরণ দেখতে চায় না বলে দাবি জানিয়েছে তারা।

অন্যদিকে এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশের হয়ে পিসিবির পক্ষ থেকে তিনটি দাবি তোলা হয় আইসিসির কাছে।

যার একটি হলো বিশ্বকাপে না খেলা বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ দিতে হবে আইসিসিকে। এছাড়া বিশ্বকাপের অংশগ্রহণ ফিও প্রদান করতে হবে। আর তৃতীয় শর্ত হলো ভবিষ্যতে কোনো ইভেন্ট আয়োজনের স্বত্ব দিতে হবে।

যদিও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এখনো অনড় অবস্থানে রয়েছেন। জানা গেছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে আবারো বৈঠক করে সিদ্ধান্ত নেবেন তিনি।