শেখ হাসিনার সংবাদ সম্মেলনে থাকবেন সাকিব, নতুন বিতর্ক

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও দেশে ফেরার বিষয়ে বক্তব্য দিতে পারেন বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
শেখ হাসিনা ও সাকিব আল হাসান
শেখ হাসিনা ও সাকিব আল হাসান |ফাইল ছবি

আবারো আলোচনায় সাকিব আল হাসান। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়; বরং একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণকে ঘিরেই তাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে তার সাথে থাকবেন সাকিব আল হাসানও।

এই প্যানেলে আরো রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন ও শাহ মো: বখতিয়ার।

রাজনীতিতে যোগ দিয়ে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব।

তবে ওই বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হওয়ায় তার সংসদ সদস্য পদও শেষ হয়ে যায়। পরবর্তীকালে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছেন সাকিব।

তাই এই সংবাদ সম্মেলনে তার অংশগ্রহণ ক্রীড়াঙ্গনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে আয়োজকদের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা সরাসরি উপস্থিত থাকবেন না; তিনি অডিওর মাধ্যমে সংবাদ সম্মেলনে যুক্ত হবেন।

আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও দেশে ফেরার বিষয়ে বক্তব্য দিতে পারেন বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।