ইতিহাস গড়ার পথে ভারত

এদিন শুরু থেকেই বিধ্বংসী ছিল ভারত। টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই গড়ে রেকর্ড। কোনো উইকেট না হারিয়ে তোলে ৯২ রান। বিশ্বকাপের নক আউটে যা সর্বোচ্চ।

নয়া দিগন্ত অনলাইন
আজ ভারতকে দারুণ সূচনা এনে দেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা
আজ ভারতকে দারুণ সূচনা এনে দেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা

ইতিহাস গড়ার পথে ভারত। বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রানের পুঁজি গড়ে আরো সামনে ছুটছে তারা। আহমেদাবাদে ১৪ ওভারেই স্বাগতিকরা তুলেছে ১ উইকেটে ১৯১ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রান অস্ট্রেলিয়ার, ২০২১ বিশ্বকাপে ৪ উইকেটে ১৭২ রান তোলে তারা। ভারতের সেই রান পেরিয়ে গেছে ৬ ওভার হাতে রেখেই।

এদিন শুরু থেকেই বিধ্বংসী ছিল ভারত। টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই গড়ে রেকর্ড। কোনো উইকেট না হারিয়ে তোলে ৯২ রান। বিশ্বকাপের নক আউটে যা সর্বোচ্চ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এর আগে কখনো পঞ্চাশ রানের ওপেনিং জুটি দেখা যায়নি। সেখানে আজ অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ৮ ওভারে গড়েন ৯৮ রানের জুটি।

অভিষেক ১৮ বলে তুলে নেন ফিফটি, বিশ্বকাপের নকআউট ম্যাচে যা দ্রুততম ফিফটির রেকর্ড। সেমিফাইনালে ফিন অ্যালেন ও জ্যাকব বেথেল ১৯ বলে ফিফটি করেছিলেন।

তবে এরপর আর ইনিংস বড় হয়নি, ২১ বলে ৫২ রান করে আউট হন অভিষেক। এরপর ৩৩ বলে ফিফটি তুলে নেন স্যামসনও। সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনাল; টানা তিন ম্যাচেই ৫০ পেরোলেন তিনি।

স্যামসন ব্যাট করছেন এই মুহূর্তে ৪৪ বলে ৮৮ রান নিয়ে। আর সাথে ইশান কিষান মাঠে আছেন ১৯ বলে ৪৩ রান নিয়ে। ভারত ছুটছে রানের পাহাড় গড়তে।