সর্বশেষ নির্বাচিত কমিটি ভেঙে দেয়ার ঘণ্টা খানেকের মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে পৌঁছান তামিম ইকবাল। বসেন সভাপতির চেয়ারে। এরপর সেরে ফেলেন তার নেতৃত্বাধীন কমিটির প্রথম সভাও।
প্রায় ঘণ্টা দুয়েকের সভা শেষে প্রথম সংবাদ সম্মেলন করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। যদিও খুব অল্প সময় ছিলেন সংবাদকর্মীদের সামনে। নেননি কোনো প্রশ্নও।
এই সময়ে তামিম নিজেদের লক্ষ্য নিয়ে বলেন, ‘আমি ও আমার টিম এটা অনুভব করে, আমাদের প্রথম কাজ বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ঠিক করা।’
এডহক কমিটিকে আগামী তিন মাসের মাঝে বোর্ডের নির্বাচন আয়োজন করতে হবে। তামিম জানালেন, সৎ ও সুন্দরভাবে তারা সেই দায়িত্ব পালন করতে চান।
তিনি বলেন, ‘আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আয়োজন করা তিন মাসের মাঝে। এই দায়িত্বটা সততার সাথে যত দ্রুত করতে পারি করব। সাথে সাথে অবশ্যই আমরা প্রতিদিনের কাজের মধ্যে যা যা হয়েছে, বিশ্বকাপ ইস্যু আছে আপনারা জানেন, সবকিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার, আমরা তা করব।’
কাজ দিয়েই নিজেদের কার্যকারিতা প্রমাণ করবেন জানিয়ে তামিম ইকবাল বলেন, ‘আমাদের উই উইল চেঞ্জ ফর বেটারমেন্ট, জাস্ট কথা বলার জন্য বলা নয়। আমরা চেষ্টা করব।’
তিনি যোগ করেন, ‘আমাদের ভুল হবে। আমাদের টিমে যারা আছেন, তাদেরও ভুল হবে। ওই ভুল থেকে আমরা শিখব, আবার আমরা চেষ্টা করব। এটাই হলো আমাদের মূল লক্ষ্য।’
উল্লেখ্য, এই বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে আজ বুধবার, সন্ধ্যা ৬টায়। যেখানে এডহক কমিটির সদস্যদের মাঝে দায়িত্ব ভাগ করে দেয়া হতে পারে।



