এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের

রান তাড়ায় বাংলাদেশের টপঅর্ডারের তিন ব্যাটার রান পেলেও জুয়াইরিয়া ছাড়া কারো ব্যাটিং মানানসই ছিলো না টি-টোয়েন্টির সাথে। জুয়াইরিয়া ফেরদৌস করেন ২৩ বলে ২৯ রান।

নয়া দিগন্ত অনলাইন
নারী ক্রিকেট দল
নারী ক্রিকেট দল |ফাইল ছবি

হেরেই চলেছে বাংলাদেশ নারী দল। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও ধরাশায়ী টাইগ্রেসরা। শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই হাতছাড়া করেছে সিরিজ।

২১ রানের হার দিয়ে শুরু হয়েছিল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৫ রানে হেরে গেল নিগার সুলতানার দল। টানা দুই জয়ে সিরিজ শ্রীলঙ্কার।

সিলেটে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল লঙ্কান মেয়েরা। জবাবে ২০ ওভার ব্যাট করলেও ৫ উইকেটে ১৩৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

রান তাড়ায় বাংলাদেশের টপঅর্ডারের তিন ব্যাটার রান পেলেও জুয়াইরিয়া ছাড়া কারো ব্যাটিং মানানসই ছিলো না টি-টোয়েন্টির সাথে। জুয়াইরিয়া ফেরদৌস করেন ২৩ বলে ২৯ রান।

এ ছাড়া দিলারা আক্তার ২৩ বলে ২৩ আর তিনে নামা শারমিন আক্তার ৪৭ বল খেলে অপরাজিত থাকেন ৪৪ রানে। বাকিদের মাঝে আর কেউ সুবিধাই করতে পারেননি।

অধিনায়ক নিগার সুলতানা ৭ বলে ৭, সোবহানা মোস্তারি ২ বলে ০, আর স্বর্ণা আক্তার ১৩ বল খেলে করেন ১২ রান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা লঙ্কানদের হয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু ৪২ রান করেন। সর্বোচ্চ ৪৯ করেন হর্ষিতা সামারাবিক্রমা।

২৭ ও ২২ রান এসেছে ইমেশা দুলানি ও নিলাকশিকা সিলভার ব্যাট থেকে। তাদের ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহই পায় লঙ্কান নারীরা।

বাংলাদেশের হয়ে সমান একটি করে উইকেট পেয়েছেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও ঋতু মনি।