পিএসএল থেকে নাম প্রত্যাহার করে বিপদে মুজারাবানি

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম প্রত্যাহার করে ব্লেসিং মুজারাবানি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন, যা নিয়ে পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ব্লেসিং মুজারাবানি
ব্লেসিং মুজারাবানি |সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম প্রত্যাহার করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাম লেখানো নতুন কিছু নয়। যে তালিকায় সর্বশেষ নাম ব্লেসিং মুজারাবানি। তবে এই প্রত্যাহার তার জন্য কাল হতে চলেছে।

এভাবে চুক্তি ভাঙায় জিম্বাবুয়ের এই তারকা ক্রিকেটারের উপর ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তারা। এমনকি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পথে হাঁটছে মহসিন নাকভির পিসিবি।

পিএসএলের নিলাম থেকে দল না পেলেও মুজারাবানিকে ইসলামাবাদ ইউনাইটেড সাক্ষর করিয়েছিল শামার জোসেফের পরিবর্তন হিসেবে। ১ কোটি ১০ লাখ টাকার চুক্তি হয়েছিল।

২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত পিএসএলে খেলার কথা ছিল তার। সে মতেই চলছিল সবকিছু। তবে এরপর আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকেও ডাক মেলে মুজারাবানির।

আর আইপিএল খেলার সুযোগ পেয়ে সিদ্ধান্ত বদলে ফেলেন জিম্বাবুয়ের এই পেসার। ইসলামাদের সাথে চুক্তি ভেঙে কলকাতার হয়ে খেলার সিদ্ধান্ত নেন মুজারাবানি।

বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের বদলে মুজারাবানিকে দলে নেয় কেকেআর কর্তৃপক্ষ। কিন্তু এভাবে চুক্তি ভাঙায় জিম্বাবুয়ের ক্রিকেটারের ওপর ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তারা।

পিএসএল কর্তৃপক্ষ মুজারাবানির ওপর নিষেধাজ্ঞা চাপাতে পারে। সে ক্ষেত্রে আগামী কয়েক বছর মুজারাবানি পিএসএল খেলতে পারবেন না। এছাড়া আইনি ব্যবস্থা নেয়ার পথেও হাঁটতে পারে তারা।

আইপিএল খেলার জন্য পিএসএলের চুক্তি ভাঙার ঘটনা এই প্রথম নয়। গত কয়েক মৌসুমে এমন ঘটনা দেখা গেছে বহুবার। এমতাবস্থায় স্থায়ী কোনো সমাধান খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।