প্রধান নির্বাচক থাকাকালে মিনহাজুল আবেদিন নান্নুকে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি, সেই নান্নু আবারো ফিরতে পারেন পুরো দায়িত্বে। ইতোমধ্যেই বিসিবি’তে আবেদন করেছেন তিনি।
শুধু নান্নু নয়,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক পদের জন্য আবেদন করেছেন সাবেক ক্রিকেটারদের অনেকেই। তবে আলোচনায় থাকা হাবিবুল বাশার সুমন এখনো আবেদন করেননি।
বিসিবি নির্বাচনের সময় বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান আব্দুর রাজ্জাক। আর চলতি মাসেই প্রধান নির্বাচক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে গাজী আশরাফ হোসেন লিপুর।
ফলে গত ১ মার্চ দু’জন নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিবি। যেখানে শর্ত হিসেবে আগ্রহী প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণি অথবা লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে বলে জানায় বোর্ড।
সেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের বেশ কয়েকজন নির্বাচক হওয়ার জন্য ইতোমধ্যেই আবেদন করেছেন, আরো অনেকেই আবেদন করতে আগ্রহী বলে জানা গেছে।
আবেদনকারীদের মাঝে আছে বড় কিছু নাম। সূত্রমতে ইলিয়াস সানি, নাইম ইসলাম, তুষার ইমরান, নাদিফ চৌধুরি, জাভেদ ওমর বেলিম, শামসুর রহমান শুভ ও মোহাম্মদ রফিক ইতোমধ্যে আবেদন জমা দিয়েছেন।
তবে প্রধান নির্বাচক পদের লড়াইয়ে এগিয়ে থাকা হাবিবুল বাশার সুমন এখনো আবেদনপত্র জমা দেননি। তবে খুব শিগগরিই তিনি আবেদনপত্র জমা দেবেন।
আগামী ৮ মার্চ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। ফলে বিসিবি’র চাকরি প্রত্যাশির এই তালিকা আরো বড় হবে নিশ্চিতভাবেই।



