দীর্ঘ বিরতির পর অবশেষে ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে টাইগাররা। খেলা শুরু দুপুর সোয়া ২টায়।
আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে দু’দল। যেখানে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ।
গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। আর নতুন বছরে এখনো আন্তর্জাতিক কোনো ম্যাচই খেলেনি টাইগাররা।
২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে থাকতে হবে র্যাঙ্কিংয়ে সেরা নয়ের ভেতর। তবে টাইগাররা এখন আছে দশে। ফলে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ মিরাজদের জন্য।
ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৩৯ ম্যাচ খেলে মাত্র ৫টি জয় বাংলাদেশের। ৩৪ ম্যাচ জিতেছে পাকিস্তান। টাইগাররা শেষবার পাকিস্তানের সাথে জিতেছিল ২০১৮ এশিয়া কাপে।
দীর্ঘ ৮৯ মাসের জয় খরা কাটাতে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। লম্বা বিরতির পর একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও লিটন দাস।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।



