সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। যার সূচি প্রকাশ পেয়েছিলো আগেই।
তবে সাদা বলের এই সিরিজের সূচিতে হঠাৎ বদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা শেষে মঙ্গলবার নতুন সূচি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
পুরনো সূচি অনুযায়ী- তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল যথাক্রমে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। তবে নতুন সূচিতে পরিবর্তন হয়েছে দ্বিতীয় ওয়ানডের তারিখ। ২০ অক্টোবরের বদলে ২১ অক্টোবর গড়াবে ম্যাচ।
অপরিবর্তিত রয়েছে বাকি দুই ম্যাচের সূচি। ৫০ ওভারের সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে নতুন সূচি অনুযায়ী তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে ২৭ ও ২৯ এবং ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। পূর্বের সূচিতে প্রথম টি-টোয়েন্টি ২৬ এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ২৮ অক্টোবর হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে সাদা বলের সিরিজ খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। আপাতত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে অবস্থান করছে ক্যারিবীয়রা। সেখান থেকেই ঢাকায় আসবে তারা।



