পাকিস্তান ক্রিকেট দলের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন দেশটির জাতীয় দলের প্রধান কোচ মাইক হেসন। তিনি বলেছেন, ব্যক্তিগত পারফরম্যান্স নয়; বরং দলের স্বার্থকে সামনে রেখেই দল গঠন করা হচ্ছে।
মঙ্গলবার জিও নিউজ জানায়, রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মাইক হেসন একথা বলেন।
এ সময় তিনি জানান, তিনি দায়িত্ব নেয়ার আগ থেকেই মোহাম্মদ রিজওয়ান টি-টোয়েন্টি দলের অংশ ছিলেন না এবং অধিনায়কত্বেও ছিলেন না।
তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টিম ম্যানেজমেন্টের কাছে মনে হয়েছে, রিজওয়ানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া উচিত। কারণ তার অধিনায়কত্বে জাতীয় দল প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছিল না।
হেসন বলেন, আমাদের দল সাজাতে হলে ব্যক্তিগত পারফরম্যান্স নয়, দলের সামগ্রিক স্বার্থকে বিবেচনায় নিতে হবে।
একইসাথে তিনি জানান, রিজওয়ানকে বাদ দেয়ার মাধ্যমে অন্য খেলোয়াড়দের কাছেও একটি বার্তা দওয়া হয়েছে।
পাকিস্তান কোচের ভাষ্য, গত এক বছরে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়েছে। সামনে বিশ্বকাপ থাকায় এখন থেকেই নতুন নতুন বিকল্প খেলোয়াড় নিয়ে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।



