ম্যাচ শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটি সিদ্ধান্ত—প্রথম টেস্টে ৮ উইকেট শিকার করা মোহাম্মাদ আব্বাসকে কেনো একাদশের বাইরে রাখা হলো? দিনের খেলা শেষেও সেই প্রশ্নের উত্তর মেলেনি।
উল্টো জাস্টিন গ্রেভসের দুর্দান্ত অপরাজিত ইনিংস পাকিস্তানের সিদ্ধান্তকে আরো বেশি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তবে এর মাঝে ত্রিনিদাদে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৫ উইকেটে তুলেছে ২৩৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
বৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা হয়েছে মাত্র ৭৪ ওভার। যেখানে ৬৪ রানে অপরাজিত আছেন অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। তার সাথে ৩৬ রানে অপরাজিত আছেন অধিনায়ক রস্টন চেইজ। দু’জনে গড়েছেন অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ইতিবাচক ছিল ক্যারিবীয়রা। ব্র্যান্ডন কিং আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুললেও ৪৬ রানে থামেন। তেজনারাইন চান্দারপল করেন ১৫, কাভেম হজ ১০, আমির জাঙ্গু ২৬ ও শেই হোপ ২৯ রান।
মধ্যভাগে পাকিস্তানের স্পিন আক্রমণ ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। মোহাম্মাদ আলি, আলি উসমান, সাজিদ খান ও অভিষিক্ত উবেইদ শাহ নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে ১৭৩ রানে চাপে ফেলে দেন।
তবে সেখান থেকেই দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন গ্রেভস ও চেইস। ধৈর্য ও আত্মবিশ্বাসে ব্যাট করে দিনের বাকি সময় কোনো উইকেট হারাননি তারা। ফলে প্রথম দিনের শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই।
এর আগে টসের সময় পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানান, উইকেটে স্পিন সহায়তা থাকবে ভেবেই অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেয়। সেই কারণেই একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মাদ আব্বাসের, যদিও ওয়েস্ট ইন্ডিজে তার রেকর্ডও বেশ উজ্জ্বল।
অন্যদিকে এই ম্যাচেই টেস্ট অভিষেক হয়েছে নাসিম শাহর ছোট ভাই উবেইদ শাহর। একটি উইকেট পেলেও ৯ ওভারে ৫৬ রান দিয়ে কিছুটা খরুচে ছিলেন ২০ বছর বয়সী এই পেসার।



