ইনজুরি থেকে সুস্থ হওয়া তিন পেসার ম্যাট ফিশার, উইল ও’রুর্ক ও ব্লেয়ার টিকনারকে নিয়ে আসন্ন বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)।
দুই ফরম্যাটেই নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন টম ল্যাথাম। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার।
পিঠের ইনজুরি থেকে সুস্থ হয়ে ওয়ানডে দলে ফিরেছেন ও’রুর্ক। পায়ের ইনজুরি কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন ফিশার। গোড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন টিকনার।
অভিজ্ঞ ত্রয়ী পেসারদের দলে পেয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার, ‘ফিশার, ও’রুর্ক ও টিকনার মাঠে ফেরার জন্য গত কয়েক মাস কঠোর পরিশ্রম করেছে। তাদের মতো মানসম্পন্ন খেলোয়াড়রা ফিরে আসায় দলের বোলিং শক্তি বেড়েছে।’
দুই বছর পর সাদা বলের ক্রিকেটে ডাক পেয়েছেন অফ স্পিন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। ঘরোয়া ক্রিকেট ফোর্ড ট্রফিতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ১১ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৫ রান করে দলে ফিরেন তিনি।
নতুন মুখ হিসেবে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ আব্বাস ও আদিত্য অশোক। সর্বশেষ শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে খেলেছেন তারা।
দুই ফরম্যাটের দলেই জায়গা পেয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, বেন সিয়ার্স ও জেইডেন লেনক্স। টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন লেনক্স।
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ১৭ ও ২০ এপ্রিল সফরের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দু’দল।
চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ এপ্রিল। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দু’দল।
নিউজিল্যান্ড ওয়ানডে দল : টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল : টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।



