নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে বাংলাদেশ। ভারতের বদলে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার আরজি জানিয়ে চিঠি লিখেছিল আইসিসিকে।
তবে প্রথম চিঠিতে প্রত্যাশা পূরণ হয়নি বিসিবি’র। ফলে টাইগাররা আবারো চিঠি লিখেছে আইসিসিকে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে এ চিঠিতে ভারতে না যেতে চাওয়ার কারণ সবিস্তারে জানিয়েছে বিসিবি।
চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল আগেই। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যুব ও ক্রীড়া উপদেষ্টার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে যা নিশ্চিত করেন আসিফ নজরুল।
জানানো হয়, আগামী এক থেকে দু’ দিনের মাঝেই আইসিসিকে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ না খেলার অনড় অবস্থান জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। যেখানে থাকবে হবে প্রয়োজনীয় সব তথ্য।
সেই কাজ করতে বেশি সময় নেয়নি বিসিবি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টা নাগাদ আইসিসিকে এ চিঠি (ইমেইল) পাঠিয়েছে বোর্ড। যার জবাব পাওয়া যাবে আগামী ১০ জানুয়ারি, শনিবার।
এ মেইলে ভারত কেন বাংলাদেশের জন্য অনুকূলে নেই, সে বিষয়ে সবিস্তারে জানিয়েছে বিসিবি। যোগ করা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্ট ও রেফারেন্সও।
উল্লেখ্য, নয় কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিলাম থেকে কিনে নেয় আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে অযাচিতভাবে বিসিসিআই কলকাতাকে নির্দেশ দেয়, তাকে দল থেকে বাদ দিতে হবে।
এমনকি কলকাতার পেজ থেকে মোস্তাফিজের সব ছবি ও ভিডিও-ও ডিলিট করা হয়। এ ঘটনায় সাথে সাথে কঠোর পদক্ষেপ নেয় বিসিবি। সাফ জানিয়ে দেয় বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।
প্রশ্ন উঠে যেখানে এক মোস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত, সেখানে গোটা দলকে কিভাবে নিরাপত্তা দেবে তারা? ফলে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন চেয়ে আইসিসির কাছে আর্জি জানায় বিসিবি।



