থিতু হয়ে গিয়েছিলেন মুমিনুল হক। তুলে নিয়েছিলেন ফিফটি। তবে এরপর আর ইনিংসটা বেশিদূর টানতে পারলেন না। ৮১ বলে ৬০ রান নিয়ে আউট হয়েছেন তিনি।
মুমিনুল ফেরার পরপরই ফিরেছেন নাজমুল হোসেন শান্তও। ৭৩ বল খেলে ১৯ রানের বেশি করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। পাঁচে নেমে মুশফিকও ব্যর্থ।
অভিজ্ঞ এই ব্যাটার আউট হয়েছেন ২১ বলে ৯ রান করে। ১২ রানের মাঝে ৩ উইকেট হারায় দল। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভারে ৫ উইকেটে ১৪০ রান।
এই মুহূর্তে ব্যাট করছেন দুই অভিষিক্ত ব্যাটার অমিত হাসান ও তাওহীদ হৃদয়। তাদের ওপরই নির্ভর করছে দলের সংগ্রহ কতটা বড় হবে।
উল্লেখ্য, হারারেতে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। তবে মধ্যাহ্নভোজের বিরতির আগে তেমন সুবিধা করতে পারেনি টাইগাররা। হারায় দুই ওপেনারকেই।
টসে হেরে ব্যাট করা বাংলাদেশ প্রথম উইকেট হারায় ৭ম ওভারে। মাহমুদুল হাসান জয় ফেরেন ১৭ বলে ২ রান করে। ১২ ওভারে দলীয় ৩৬ রানে দ্বিতীয় উইকেট হারায় দল।
এবার আরেক ওপেনার সাদমান ইসলাম আউট হয়ে ফেরেন ৩৮ বলে ২০ করে। তবে এরপর মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে আর বিপদ বাড়তে দেননি।
তাদের ৪০ রানের জুটিতে মধ্যাহ্নভোজের আগে ২৫ ওভারে ২ উইকেটে ৭৬ রান তুলে বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ৬৪ বলে ফিফটি তুলে নেন মুমিনুল।
তবে এরপরই নিউম্যান নিয়ামুরির শিকার হন তিনি। ভাঙে শান্তর সাথে তার ১৩০ বল স্থায়ী ৭৭ রানের জুটি।



