ফরাসি তারকা ফরোয়ার্ড আতোঁয়ান গ্রীজম্যান এ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে মেজর লিগ সকার ক্লাব ওরলান্ডো সিটিতে যোগ দিয়েছেন।
৩৫ বছর বয়সী গ্রীজম্যান দুই বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে নাম লিখিয়েছেন।
ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট ও পি-১ ভিসা প্রাপ্তি সাপেক্ষে ফরাসি এই তারকার সাথে ওরলান্ডোর চুক্তি চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যেই তার মেডিক্যাল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। তবে এ্যাথলেটিকোর হয়ে বর্তমান মৌসুম শেষ করার পর আগামী ১৩ জুলাই গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে গ্রীজম্যান ওরলান্ডোতে যাবেন।
এ সম্পর্কে এক বিবৃতিতে গ্রীজম্যান বলেছেন, ‘ওরলান্ডের সিটির সাথে ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু করতে আমি মুখিয়ে আছি। এই ক্লাবের সাথে আমার প্রথম আলোচনার পর থেকেই এখানাকার ভবিষ্যত নিয়ে আমি একটি স্পষ্ট ধারণা পেয়েছি। ওরলান্ডোতে নতুন বাড়ি বানানোর অপেক্ষায় আছি। সমর্থকদের সাথেও দেখা করতে চাই। এই ক্লাবের হয়ে নিজের সেরাটা দিয়ে খেলতে চাই।’
এ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদের হয়ে ৭৯২টি পেশাদার ম্যাচে ২৯৮ গোল ও ১৩২টি এ্যাসিস্ট করেছেন গ্রীজম্যান। ক্লাব পর্যায়ে ২০১৭-১৮ মৌসুমে এ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে উয়েফা ইউরোপা লিগ, ২০১৮ উয়েফা সুপার কাপ এবং ২০১৪ সালে স্প্যানিশ সুপারকোপার শিরোপা জয় করেছেন। বার্সেলোনার হয়ে ২০২০-২১ মৌসুমে কোপা ডেল রে এবং ২০০৯-১০ মৌসুমে রিয়াল সোসিয়েদাদের হয়ে জিতেছেন লা লিগা শিরোপা।
এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ১৩ গোল ও চার এ্যাসিস্ট।
২০১৫-১৬ মৌসুমে লা লিগার বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন গ্রীজম্যান। এ ছাড়া ২০১৪-১৫ মৌসুমে ওনজে ডি’অর ও ২০১৬-১৭ মৌসুমে ওনজে ডি ব্রোঞ্জ জয় করেছেন। ২০১৬ ২০১৮ ব্যালন ডি’অর পুরস্কারের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন। চারবার লা লিগার বর্ষসেরা দলের সুযোগ পেয়েছেন।
আন্তর্জাতিক পর্যায়ে ২০১৮ বিশ্বকাপ জয়ী ও ২০২২ বিশ্বকাপ রানার্স-আপ ফ্রান্স দলের সদস্য ছিলেন। ২০১৮ বিশ্বকাপে ব্রোঞ্জ বল ও সিলভার বুট এ্যাওয়ার্ড জয় করেছেন। ফাইনালে হয়েছিলেন ম্যাচ সেরা। ২০২০-২১ মৌসুমে নেশন্স লিগ জয়ী ফ্রান্স দলেও খেলেছেন।
২০২৪ সালে আন্তচর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচে ৪৪ গোল ছাড়াও ৩৮টি এ্যাসিস্ট আছে গ্রীজম্যানের।



