পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনাল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা। পেশোয়ার জালমির জার্সিতে আগামী ৩ মে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবেন তিনি।
পেশোয়ার জালমির কর্ণধার জাভেদ আফ্রিদি এক্সে দেয়া এক বার্তায় জানিয়েছেন এই খবর। বিসিবি থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।
এবারের আসরে পিএসএলে অভিষেক হয় নাহিদ রানার। পেশোয়ারের হয়ে ৪টি ম্যাচ খেলেন তিনি। পরে তিনি দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেন।
ওয়ানডে সিরিজের পর তাকে আর পিএসএলে খেলার ছাড়পত্র দেয়া হয়নি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে পর্যাপ্ত বিশ্রাম দেয়া হয়েছিল তাকে।
তবে পেশোয়ারের চেয়ারম্যান জাভেদ আফ্রিদি বুধবার দুপুরে সামাজিক মাধ্যমে লেখেন, ‘পিএসএল ফাইনাল ম্যাচে নাহিদ রানাকে খেলার অনুমতি দেয়ার জন্য ধন্যবাদ ভাই তামিম।’
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস অবশ্য জানিয়েছেন, তারা এখনো জানেন না এই ব্যাপারে। এক গণমাধ্যমকে তিনি জানান-
‘নাহিদ এখনো আমাদের কাছে এনওসি চায়নি। যদি চায়, তখন আমরা দেখব। তবে যদি বোর্ড প্রধান বা প্রধান নির্বাহীর সাথে কথা হয়ে থাকে, তাহলে ভিন্ন কথা।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মিরপুর টেস্ট শুরু আগামী ৮ মে। পিএসএল ফাইনাল ৩ মে। ফাইনাল শেষে পরদিন সকালেই দেশে ফিরবেন নাহিদ রানা।



