নিলামের শুরুতেই পিএসএলে দল পেয়েছিলেন রিশাদ হোসেন। মাঝের সময়টা হতাশায় কাটলেও শেষ বেলায় এসে ঠিকানা খুঁজে নিয়েছেন পারভেজ ইমন ও নাহিদ রানা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পিএসএলের ১১তম আসরের নিলাম। যেখান থেকে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।
পিএসএল নিলামে নাম দিয়েছিলেন ৫৩ বাংলাদেশী। ফলে একাধিক ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা ছিল বেশ। দিনের শুরুতে রিশাদের দল পাওয়া আরো আশাবাদী করে তোলে।
তবে এরপর সাকিব আল হাসান, লিটন দাস, নাহিদ রানা, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শামীম পাটোয়ারীদের দিকে আগ্রহ দেখায়নি কেউ।
সাকিব-লিটনদের শেষ দিকে এসে আবারো ডাকা হলেও কেউ নেয়নি। তবে এবার কপাল খুলে যায় নাহিদ রানা ও পারভেজ ইমনের। দ্বিতীয় ডাকে দল পান এ দু’ বাংলাদেশী।
৬০ লাখ রুপিতে বাংলাদেশের পেসার নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি। গত আসরেও তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
অন্যদিকে ৬০ লাখ রুপি ভিত্তিমূল্যে দল পেয়েছেন পারভেজ ইমনও। তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ক্যারিয়ারে প্রথমবার বিদেশী কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ তার সামনে।
এর আগে, দিনের শুরুতে রিশাদ হোসেনকে দলে টানে রাওয়ালপিন্ডি। এক কোটি ১০ লাখ রুপি ভিত্তিমূল্য থাকলেও করাচি কিংসের সাথে লড়াই করে তিন কোটি রুপিতে দলে নেয় তারা।
আর নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পান মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে লাহোর কালান্দার্সের ব্যয় হয় ছয় কোটি ৪৪ লাখ রুপি।



