সংসদে বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বললেন হাসনাত আবদুল্লাহ

‘বর্তমান গণতান্ত্রিক সরকার তদন্তের পর সেই বোর্ড ভেঙে দিয়েছে। বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।’

নয়া দিগন্ত অনলাইন
সংসদে হাসনাত আব্দুল্লাহ
সংসদে হাসনাত আব্দুল্লাহ |সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবগঠিত এডহক কমিটিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬ জাতীয় সংসদে উত্থাপনের প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, ‘বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে তা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে।’

এর উত্তর অবশ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিজের বক্তব্যে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডসহ সারাদেশের ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা।’

‘বর্তমান গণতান্ত্রিক সরকার তদন্তের পর সেই বোর্ড ভেঙে দিয়েছে। বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।’