ক্যাচ ধরতে গিয়ে মাটিতে পড়ে মাথার পেছনে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি।
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৫তম ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। এ ম্যাচে দিল্লির হয়ে মাঠে নামেন এনগিডি।
পাঞ্জাব কিংসের ইনিংসের তৃতীয় ওভারে অক্ষর প্যাটেলের বলে ছক্কা মারতে গিয়ে আকাশে বল তুলে দেন ব্যাটার প্রিয়ানশ আরিয়া। মিড অফ থেকে পেছনে গিয়ে ক্যাচ নেয়ার চেষ্টা করেন এনগিডি। কিন্তু ক্যাচ নিতে পারেননি তিনি। ক্যাচ নেয়ার সময় পেছনের দিকে পড়ে যান। এতে তার মাথার পেছনের অংশে আঘাত লাগে।
এরপর মাঠে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এনগিডিকে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।
দিল্লির একটি স্থানীয় হাসপাতালে এনগিডির মাথায় বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করেছেন চিকিৎসকরা। রিপোর্ট হাতে পেয়ে চিকিৎসকরা জানান, এনগিডিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
দিল্লির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়- শারীরিকভাবে ভালো আছেন এনগিডি। খুব শিগগিরই হাসপাতাল ছাড়বেন তিনি।
মাঠ ছাড়ার আগে বোলিং করার সুযোগ পাননি। তাই এনগিডির কনকাশন হিসেবে মাঠে নামেন লেগ স্পিনার ভিপরাজ নিগাম। ২ ওভার বল করে ২৪ রানে ১ উইকেট নেন নিগাম।
এ ম্যাচে প্রথমে ব্যাট করে লোকেশ রাহুলের রেকর্ড সেঞ্চুরিতে ২০ ওভারে ২ উইকেটে ২৬৪ রান করে দিল্লি। ৬৭ বলে অপরাজিত ১৫২ রান করে রেকর্ড বইয়ে নাম তুলেন রাহুল। আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ড গড়েছেন তিনি।
জবাবে ৭ বল বাকি থাকতে ২৬৫ রানের টার্গেট স্পর্শ করে পাঞ্জাব। প্রভাবসিমরান সিং ২৬ বলে ৭৬ এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৬ বলে অপরাজিত ৭১ রান করেন। এই জয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পাঞ্জাব।



