আগামী বছর নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী বাংলাদেশ

এখন পর্যন্ত নেপালের বিপক্ষে বাংলাদেশ দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, দু’টিই টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে দ্বিপক্ষীয় সিরিজে দুই দল কখনো একে অপরের মুখোমুখি হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) |সংগৃহীত

ব্যস্ত সূচির মধ্যেও আগামী বছর নেপালের বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী বাংলাদেশ। এর মাধ্যমে দুই দল প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে।

এখন পর্যন্ত নেপালের বিপক্ষে বাংলাদেশ দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, দু’টিই টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে দ্বিপক্ষীয় সিরিজে দুই দল কখনো একে অপরের মুখোমুখি হয়নি।

গত বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের সাথে একটি দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দিয়েছে। আগামী বছরের শুরুতে সিরিজটি আয়োজনের সম্ভাবনা রয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘বিসিবি ও নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা চলছে। আমাদের এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) ব্যস্ত সূচিতে ভরা। তারপরও এই চক্রের মধ্যে সুবিধাজনক একটি সময় বের করার চেষ্টা করছি। সবকিছু ঠিকঠাক থাকলে সিরিজটি হতে পারে।’

তিনি জানান, চলমান এফটিপি চক্রের মধ্যে সিরিজটি আয়োজন করতে দুই বোর্ডই আগ্রহী।

নাফীস বলেন, ‘আমরা এই চক্রের মধ্যেই সিরিজটি আয়োজন করতে চাই। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনও অনুরোধ জানিয়েছে। আমরা বিষয়টি ইতিবাচকভাবে দেখছি।’

সম্প্রতি ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপাল। দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের প্রতি সমর্থন জানানো এবং তাদের অনুপ্রাণিত করার উদ্যোগ হিসেবে বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দেন নেপালের রাষ্ট্রদূত।

অস্ট্রেলিয়া সফর শেষে বর্তমানে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

চলতি মাসে এশিয়ান গেমস শেষ হওয়ার পর বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে যাবে। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা।

এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্প আগামীকাল রোববার মিরপুরে শুরু হবে। বাসস