টানা জয়ে উড়ছিল চট্টগ্রাম। টানা তিন জয় তুলে নেয় মুমিনুল হকের দল। তবে এবার তাদের থামালো রংপুর। নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে ধরা পড়েছে বন্দর নগরীর দলটি। রংপুরের জয় ৫ উইকেটে।
অন্যদিকে হেরেই চলেছে বরিশাল বিভাগ। এবারের আসরে খেলা ৫ ম্যাচের সবগুলোই হারলো তারা। আজ খুলনার কাছে হার ৮ উইকেটে। জয়ের নায়ক এনামুল হক বিজয়, ৪৭ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন তিনি।
সিলেট একাডেমি মাঠে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম ও রংপুর। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৮ রান করে চট্টগ্রাম। দারুণ ছন্দে থাকা দলটির টপ অর্ডার আজ ভালো করতে পারেনি।
মুমিনুল হক ১২, মাহমুদুল হাসান ১১, শাহাদাত দিপু ৪ ও সৈকত আলি করেন ১৫ রান। চট্টলাকে তিন অঙ্কে নিয়ে যান ইরফান শুক্কুর। ৪৬ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। ২২ রান করেন ইয়াসির আলি। আব্দুল গফফার ৩ ও ২ উইকেট নেন মুশফিক।
জবাবে অনিক সরকার (৬) দ্রুত ফিরলেও হাল ধরেন জাহিদ জাভেদ ও তিনে নামা নাসির হোসেন। জুটিতে ৯০ রানে পৌঁছে দেন দলকে। নাসির ৩২ বলে ৪৩ রানে আউট হন। সমান ৩২ বলে ৩৯ করে ফেরেন জাভেদ।
এরপর দ্রুত আরো ২ উইকেট হারালেও আকবর আলি ১৪ বলে ২৬ ও ইকবাল হোসেন ৬ বলে ১৬ রান তুলে জয় নিশ্চিত করেন। হাসান মুরাদ নেন ২ উইকেট। এই জয়ে পয়েন্ট টেবিলের চারে এখন রংপুর।
দিনের দ্বিতীয় ম্যাচে একই মাঠে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৭ রান করে বরিশাল। ইফতেখার হোসাইন ৩৪ ও ৩২ রান করেন ফজলে মাহমুদ। ২৪ রান আসে আজমির আহমেদের ব্যাট থেকে। পারভেজ জীবন ও জিয়াউর রহমান নেন দুটো করে উইকেট।
জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় খুলনা। ইমরানুজ্জামান ২১ বলে ৩০ ও আফিফ হোসেন আউট হন ২১ রান নিয়ে। আসল কাজটা করেন বিজয়। তার ৭২ রানের ইনিংসে ছিল ৬ চার ও ৩ ছক্কা।



