টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক ছুঁলেন শাহিন আফ্রিদি

শুক্রবার (৮ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন চ্যাম্পিয়নশিপের মঞ্চে শততম উইকেট পূর্ণ করেন আফ্রিদি।

নয়া দিগন্ত অনলাইন
শাহিন শাহ আফ্রিদি
শাহিন শাহ আফ্রিদি |সংগৃহীত

পাকিস্তানের প্রথম বোলার হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এক শ’ উইকেট শিকারের মাইলফলক ছুঁয়েছেন বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।

শুক্রবার (৮ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন চ্যাম্পিয়নশিপের মঞ্চে শততম উইকেট পূর্ণ করেন আফ্রিদি।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়কে আউট করে টেস্ট চ্যাম্পিয়নশিপে শততম উইকেট শিকার ক্লাবে নাম লেখান আফ্রিদি। টেস্ট চ্যাম্পিয়নশিপের চার আসরেই খেলা আফ্রিদি ২৯ টেস্টের ৪৮তম ইনিংসে এসে এক শ’ উইকেটের দেখা পেলেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেটের রেকর্ড অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁওর। ৫৫ ম্যাচে ৯৮ ইনিংসে ২২৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন তিনি।

এরপর আছেন লিঁওর স্বদেশি মিচেল স্টার্ক। ৫৪ টেস্টের ১০৫ ইনিংসে ২২২ উইকেট শিকার করেছেন এই বাঁ-হাতি পেসার।

তৃতীয় স্থানেও আছেন অস্ট্রেলিয়ার আরেক পেসার প্যাট কামিন্স। ৫২ ম্যাচের ৯৭ ইনিংসে ২২১ উইকেট ঝুলিতে আছে কামিন্সের।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ২৬ টেস্টের ৪৩ ইনিংসে ১০৪ উইকেট নিয়েছেন তাইজুল। বাসস