দ্য হান্ড্রেড খেলতে এনওসি পেলেন মোস্তাফিজ, অনুমতি পেলেন ইমনও

১৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলর বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই টুর্নামেন্টে যোগ দেবেন এই ওপেনার।

নয়া দিগন্ত অনলাইন

প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে চলতি বছরের মার্চে ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এ দল পান মোস্তাফিজুর রহমান। এবার এই টুর্নামেন্টের জন্য অনুমতিও পেলেন এই বাঁহাতি পেসার।

তাকে এক মাসের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত মোস্তাফিজকে এনওসি দিয়েছে বিসিবি।

ফলে ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া দ্য হান্ড্রেড-এর ষষ্ঠ আসরের শুরু থেকে শেষ পর্যন্ত খেলতে আর কোনো বাধা থাকছে না।

দ্য হান্ড্রেড ২০২৬-এর প্লেয়ার্স ড্রাফটে ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে মোস্তাফিজকে দলে ভেড়ায় বার্মিংহাম ফিনিক্স। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টটিতে খেলার সুযোগ পান তিনি।

এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা দ্য হান্ড্রেডে অংশ নেয়ার জন্য মোস্তাফিজকে এক মাসের এনওসি দিয়েছি।’

এদিকে, পারভেজ হোসেন ইমনও পেয়েছেন বিদেশী লিগে খেলার অনুমতি। তাকে গ্লোবাল সুপার লিগে অংশ নেয়ার জন্য এনওসি দিয়েছে বিসিবি।

১৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলর বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই টুর্নামেন্টে যোগ দেবেন এই ওপেনার।

গত মৌসুমে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স-এর জার্সিতে খেলেছিলেন ইমন। এবারো একই দলের হয়ে গ্লোবাল সুপার লিগে মাঠে নামবেন তিনি। ২৩ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত গায়ানায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।