বিশ্বকাপ ফাইনাল আজ, মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ ভারত জাতীয় ক্রিকেট দল ও নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল মুখোমুখি; শিরোপা জিতলে ভারত গড়তে পারে নতুন রেকর্ড, আর নিউজিল্যান্ড পেতে পারে প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

নানা চড়াই-উৎরাই পেরিয়ে শেষ হওয়ার পথে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবকিছু ঠিক থাকলে এই মহারণের পর্দা নামছে আজ। নতুন ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় আহমেদাবাদ।

বিশ্ব দলের বিশ্বকাপ এখন রূপ নিয়েছে দু’দলে, শিরোপার লড়াইটা নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারতের মাঝে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।

এর আগে আরো দু’বার বিশ্বকাপ জিতেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সাথে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী দল তারা। এবার তাদের সামনে সুযোগ বিশ্বরেকর্ড গড়ার।

২০০৭ সালে প্রথম বিশ্বকাপেই বাজিমাত করেছিল ভারত। পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলে জিতে নেয় তারা। এরপর ২০১৪ সালে ফাইনালে ওঠলেও হেরে যায় শ্রীলঙ্কার কাছে।

এর ১০ বছর পর গেল বিশ্বকাপের ফাইনালে উঠে ভারত। কিন্তু ওই ফাইনালে আর ভুল করেনি তারা। শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করে ম্যান ইন ব্লুরা।

অন্যদিকে এবারের আগে মোট চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছ কিউইরা, কিন্তু শেষ চারের বাধা পাড়ি দেয় মাত্র একবার, ২০২১ বিশ্বকাপের ফাইনালে খেলে নিউজিল্যান্ড।

তবে ভাগ্য সহায় হয়নি, শিরোপার স্বাদ পাওয়া হয়নি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারে নিউজিল্যান্ড। তাই এবারের বিশ্বকাপটা অবিস্মরনীয় করে রাখতে চায় কিউইরা।

তবে যে দলই শিরোপা জিতুক না কেন, তাতেই হবে নতুন রেকর্ড। ভারত যেমন সবাইকে পেছনে ফেলে গড়বে বিশ্বকাপে সর্বোচ্চ (৩ বার) চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি, তেমনি প্রথম শিরোপার স্বাদ পাবে কিউইরা।

সর্বোচ্চ শিরোপার পাশাপাশি আরো দু’টি রেকর্ড হাতছানি দিচ্ছে ভারতকে। এখন পর্যন্ত কোনো দল টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে পারেননি ঘরের মাঠে, ভারত পারলে নতুন কিছুই দেখবে বিশ্ব।

সেই সাথে ভারত গড়বে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দু’বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড। যা আগে পারেনি কখনো কোনো দল।

যদিও তা মোটেও সহজ হবে না। কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে কখনো জিততে পারেনি ভারত। বিশ্বকাপে তিন দেখায় তিনবারই জিতেছে কিউইরা।

তাই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পুরোনো হিসাব চুকানোর লক্ষ্যেই মাঠে নামবে সূর্য কুমার যাদবরা। অন্যদিকে নিজেদের ইতিহাসকে পুঁজি করে অনুপ্রেরণা পেতে চাইবে নিউজিল্যান্ড।

অবশ্য অনুপ্রেরণার উৎস আছে ভারতেরও। তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, ঘরের মাঠে খেলা। তাছাড়া সেমিফাইনালে রেকর্ড রান গড়ে ইংল্যান্ডকে হারায় তারা।

যা বাড়তি আত্মবিশ্বাস দেবে সূর্য কুমার যাদবদের। এছাড়া বিশ্বকাপে না পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের রেকর্ড বেশ ভালোই। পরিসংখ্যান কথা বলছে ভারতের হয়ে।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩০ বার দেখা হয়েছে দু’দলের। যেখানে ১৮ বার জিতেছে ভারত, ১১ ম্যাচে জয় পায় নিউজিল্যান্ড। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

জয়-পরাজয় ও অবস্থা নিরিখে পাল্লা যদিও ভারী ভারতেরই। তবু বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। ফলে রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।