বিসিবি ছাড়তে পারেন শন টেইট, যাচ্ছেন ভারতে!

বাংলাদেশ ক্রিকেটের সুখের সংসারে ভাঙনের সুর। যে পেস বোলিং বিভাগ নিয়ে এত আলোচনা, সেই বোলারদের দায়িত্ব ছেড়ে দিতে পারেন কোচ শন টেইট।

ক্রীড়া প্রতিবেদক

Location :

Dhaka City
বিসিবি ছাড়তে পারেন শন টেইট, যাচ্ছেন ভারতে!
বিসিবি ছাড়তে পারেন শন টেইট, যাচ্ছেন ভারতে! |নয়া দিগন্ত

বাংলাদেশ ক্রিকেটের সুখের সংসারে ভাঙনের সুর। যে পেস বোলিং বিভাগ নিয়ে এত আলোচনা, সেই বোলারদের দায়িত্ব ছেড়ে দিতে পারেন কোচ শন টেইট।

ভারতের রাজ্য দলের কোচ হতে আগ্রহী শন টেইট। পশ্চিমবঙ্গের ক্রিকেট দেখভাল করার দায়িত্ব নিতে পারেন টেইট। ইতোমধ্যে তিনি বাংলা রঞ্জি দলের প্রধান কোচ হতে সাক্ষাৎকার দিয়েছেন।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান কোচ নিয়োগ নিয়ে চলছে নানা নাটকীয়তা। যদিও শেষ পর্যন্ত লক্ষ্মীরতন শুক্লাকেই বেঙ্গলের প্রধান কোচ হিসেবে পুনর্বহাল করা হয়েছে।

তবে শন টেইটকেও বেঙ্গলে নিয়ে আসতে দারুণ আগ্রহী সিএবি। এরই মাঝে তাদের তিন সদস্যের একটি কমিটির কাছে সাক্ষাৎকার দিয়েছেন টেইট। সেই কমিটিতে ছিলেন সাবেক ক্রিকেটার ও কোচ অরুণ লাল, সাবেক ক্রিকেটার দেবাং গান্ধী ও কল্যাণ চৌধুরী।

জানা গেছে, মূল রাজ্য দলের পেস বোলিং কোচের দায়িত্বের পাশাপাশি বয়সভিত্তিক ক্রিকেটে ও উঠতি পেসারদের দেখভালের দায়িত্ব দেওয়া হতে পারে তাকে। তবে এই চুক্তি সম্পন্ন হতে মূল বাধা টেইটের পারিশ্রমিক।

বাংলাদেশে মাসে ১৪ হাজার ডলার পারিশ্রমিক টেইটের। বাংলাদেশের মুদ্রায় যা বার্ষিক ২ কোটি টাকার বেশি। সিএবির কাছে টেইট আড়াই কোটি রুপির মতো পারিশ্রমিক চেয়েছেন বলে জানা গেছে।

আলোচনার মাধ্যমে তা যদি ২ কোটি রুপিতেও নেমে আসে, তারপরও একটি রাজ্য সংস্থার জন্য অঙ্কটা বেশ বড়। এটি নিয়েই এখন দ্বিধায় আছে সিএবি।

এদিকে বেঙ্গলের হয়ে যে টেইট ইন্টারভিউ দিয়েছেন, সে বিষয়ে জানে না বিসিবি। কেননা আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাঁর সাথে চুক্তি রয়েছে বিসিবির।

উল্লেখ্য, টেইটের স্ত্রী একজন ভারতীয়। বছরের নানা সময়ে ভারতে গিয়ে থাকেন তিনি। তাছাড়া ভারতে কাজ করলে আইপিএলসহ বিভিন্ন জায়গায় কাজের দুয়ারও খুলে যাবে।

রাজ্য দল বা আঞ্চলিক ক্রিকেটের ব্যস্ততা বছরজুড়ে থাকে না। সব মিলিয়ে ভারতে কাজ করতে টেইটের আগ্রহের অনেক কারণই থাকতে পারে। তাই হয়তো টেইট সরে যাওয়ার কথা ভাবছেন।