ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততার কারণে মাঝে মাঝে জাতীয় দল থেকে ছুটি নিয়ে থাকেন ক্রিকেটাররা। তবে এবার ছুটি পেলেন নিউজিল্যান্ড দলের দুই কোচ।
পিএসএলোর জন্য আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ ও বাংলাদেশ সফরের সময় ছুটি পাচ্ছেন ব্যাটিং কেচ লুক রঙ্কি ও বোলিং কোচ জ্যাকব ওরাম। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
ফাইনালে ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা খুইয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ থেকে ফিরেও বসে থাকার সময় পাচ্ছেন না মিচেল স্যান্টনাররা। অপেক্ষা করছে ব্যস্ত সূচি।
১৫ মার্চ থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ডে। সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ২৫ মার্চ।
এদিকে আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলবে এবারের পিএসএল। যেখানে ইসলামাবাদ ইউনাইটের প্রধান কোচ হিসেবে কাজ করবেন লুক রঙ্কি। একই ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ জ্যাকব ওরাম।
দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।
১৭ এপ্রিল থেকে শুরু ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২০ ও ২৩ এপ্রিল। আর চারদিন বিরতির পর ২৭ এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ ২৯ এপ্রিল ও ২ মে।
এমতাবস্থায় এই সময়টায় লুক রঙ্কি ও ওরামকে পাবে না নিউজিল্যান্ড দল। ছুটি নিয়েছেন তারা। তাদের দু’জনের এমন সিদ্ধান্তকে অবশ্য ইতিবাচক হিসেবেই দেখছেন ম্যানেজার মাইক স্যান্ডলি।
মাইক বলেন, ‘নিউজিল্যান্ডের ক্রিকেট পরিবেশের বাইরে কোচিংয়ের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে এটা তাদের জন্য দারুণ একটা সুযোগ। আমাদের কোচদেরও বিশ্বজুড়ে চাহিদা রয়েছে। আমরা বিশ্বাস করি পিএসএলের মাধ্যমে লুক ও ওরাম শুধু ব্যক্তিগতভাবে লাভবান হবে না। বরং তাদের জ্ঞান ভবিষ্যতে ব্ল্যাকক্যাপস ও এনজেডসির জন্য সাহায্য করবে।’
উল্লেখ্য, এই সময় রঙ্কি ও ওরামের জায়গায় কোচিং প্যানেলে যুক্ত হবেন ওয়েলিংটন কোচ ব্যাসেট গ্রাহাম ও এনজেডসি নেটওয়ার্ক কোচ গ্রায়েম আলড্রিস।
আর বাংলাদেশ সফরে থম রব ওয়াল্টারের সহযোগী হিসেবে থাকবেন ক্যান্টাবুরির কোচ ব্রেন্ডন ডনকার্স।



