অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পেয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মেডিক্যাল বিভাগের ছাড়পত্র না পাওয়ায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।
তার পরিবর্তে দলে ডাক পান অলরাউন্ডার শেখ মেহেদী। মিরাজের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পাওয়া শেখ মেহেদী প্রায় দুই বছর পর ওয়ানডে ক্রিকেটে ফেরার সুযোগ পান।
২০২৩ সালের পর প্রথমবার ওয়ানডে দলে ফিরে সুবিধা করতে পারেননি। বল হাতে ১০ ওভারে ৩৭ রান দিয়ে একটি উইকেট শিকার করলেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। ৯ বল খেলে করেন মাত্র ৩ রান।
ফলে জাতীয় দলে ফেরাটা দীর্ঘস্থায়ী হলো না এই অফস্পিনিং অলরাউন্ডারের। জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা হয়নি তার।
সব মিলিয়ে এক ম্যাচের জন্য জাতীয় দলে ফিরে আবারো বাইরে চলে যেতে হলো শেখ মেহেদীকে। অন্যদিকে চোটমুক্ত হয়ে নেতৃত্বের দায়িত্ব কাঁধে নিয়ে জিম্বাবুয়ে সফরে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় মিরাজ।
বাংলাদেশের জিম্বাবুয়ে সফর শুরু হবে আগামী ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে। এরপর হারারেতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডেগুলো মাঠে গড়াবে ৬, ৯ ও ১১ জুলাই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৫ সদস্যের ওয়ানডেল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।



