জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

সংশোধিত সূচি অনুযায়ী, ৫ জুনের পরিবর্তে প্রথম ওয়ানডে ৯ জুন অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল
বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল |সংগৃহীত

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্বে ঘোষিত সীমিত ওভারের সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী জুনে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।

সংশোধিত সূচি অনুযায়ী, ৫ জুনের পরিবর্তে প্রথম ওয়ানডে ৯ জুন অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এরপর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ২০ ওভারের ফরম্যাটের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল অসিরা। সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিল সফরকারী অস্ট্রেলিয়া।

এর আগে, ২০০৬ সালে বাংলাদেশের মাটিতে প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজটিও ৩-০ ব্যবধানে জিতেছিল অসিরা।

২০২১ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া। সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। এছাড়া ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিল অসিরা।

২০০৬ ও ২০১৭ সালে বাংলাদেশের মাটিতে দুইবার টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ২০০৬ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে অসিরা। তবে পরেরবার দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ।